সমুদ্রে ভেসে আসছে সোনা! ঝড় থামতেই হুড়োহুড়ি পড়ে গেছে অন্ধ্রের গ্রামে
দ্য ওয়াল ব্যুরো: এ যে সোনা! ঝড় থামতেই সমুদ্রে ভেসে আসছে সোনার টুকরো! অবাক কাণ্ড অন্ধ্রপ্রদেশের গ্রামে।
ঘূর্ণিঝড় নিভারকে যাঁরা দুষছিলেন, তাঁরাই এখন দু’হাত তুলে আশীর্বাদ করছেন। এ ঝড় লণ্ডভণ্ড করেছে ঠিকই, তবে গুপ্তধনের হদিশও দিয়ে গেছে। গুপ্
শেষ আপডেট: 30 November 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: এ যে সোনা! ঝড় থামতেই সমুদ্রে ভেসে আসছে সোনার টুকরো! অবাক কাণ্ড অন্ধ্রপ্রদেশের গ্রামে।
ঘূর্ণিঝড় নিভারকে যাঁরা দুষছিলেন, তাঁরাই এখন দু’হাত তুলে আশীর্বাদ করছেন। এ ঝড় লণ্ডভণ্ড করেছে ঠিকই, তবে গুপ্তধনের হদিশও দিয়ে গেছে। গুপ্তধনই বটে। সমুদ্রের জল সরতেই দেখা যাচ্ছে তটে ছড়িয়ে নানা আকারের সোনার টুকরো। রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে গ্রামবাসীদের মধ্যে। মৎস্যজীবীদের তো পোয়াবারো। মাছ ধরতে গিয়ে একেবারে সোনা নিয়ে ঘরে ফিরছেন তাঁরা।
পূর্ব গোদাবরী জেলার উপ্পাড়া গ্রামে কান পাতলে এখন শুধুই সোনার গল্প। উড়াপ্পা গ্রামে সমুদ্র চোখ রাঙায় প্রতিদিন। ঝড় এলে কথাই নেই। ফুলেফেঁপে ওঠে বিশাল বিশাল ঢেউ। সৈকত ভেঙে এগিয়ে আসে গ্রামের দিকে। আতঙ্কে দিন কাটান বাসিন্দারা। তবে অতি প্রবল ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়ার পরেও প্রবল জলোচ্ছ্বাসে ভাঙন দেখা দেয় সমুদ্র সৈকতে। তবে সে ক্ষতই এখন আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে উড়াপ্পা গ্রামে।

ব্যাপারটা ঠিক কী? বিশেষজ্ঞরা বলছেন, মনে করা হচ্ছে দুটি মন্দিরের ধ্বংসাবশেষ ছিল ওই এলাকায়। উপ্পাড়া গ্রামের রীতি হল মন্দির বা বাড়ির ভিতপুজোর সময় সোনার পাত পুঁততে হয় মাটির নিচে। এতদিন সেসব জমা হয়েছিল সমুদ্র গর্ভে। জলোচ্ছ্বাসের পরে সৈকতে ভাঙন দেখা দিলে সমুদ্রগর্ভ থেকে সেইসব সোনার পাত ভেঙে টুকরো টুকরো হয়ে ভেসে এসেছে ঢেউয়ের সঙ্গে। সেইসব সোনাই জড়ো হয়েছে সমুদ্রতটে।
তবে, অন্য মতও আছে। স্থানীয় পুলিশকর্মীরা বলাবলি করছেন, এখানে অনেক পুণ্যার্থীরাই আসেন সমুদ্রে পুণ্যস্নানের জন্য। হতেই পারে পুণ্যার্থীদের সোনার গয়না জলে ভেসে গিয়েছিল কোনও সময়। ঝড়ের প্রভাবে সমুদ্রে ফুলেফেঁপে ওঠায় সেইসব ভেসে আসছে এখন।
কারণ যাই হোক, মোদ্দা কথা হল ঝড়ের পরে সোনা পাওয়া যাচ্ছে সমুদ্রতটে। এটাই বা কম কথা কী! এখনও অবধি ৫০ জন সোনা কুড়িয়ে ফেলেছেন। মৎস্যজীবীদের একজন তো সাড়ে তিন হাজার টাকার সোনা জোগাড় করে ফেলেছেন। বাকিরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি মাথায় সমুদ্র সৈকতে মেলা ভিড়। খানকয়েক সোনার ছোট টুকরো পেলেও তো লাভ!