
শেষ আপডেট: 16 February 2023 03:40
দ্য ওয়াল ব্যুরো: ভারত-চিন সীমান্তে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (ITBP) জন্য একটি নতুন অপারেশনাল ঘাঁটি এবং সাতটি নতুন সীমান্ত ব্যাটালিয়ন তৈরির জন্য ৯৪০০ জন জওয়ান (soldiers) নিয়োগের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের এই প্রস্তাব অনুমোদন করা হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
আইটিবিপি-তে বর্তমানে প্রায় ৯০ হাজার জওয়ান রয়েছেন। ১৯৬২ সালে চিনের (China) আক্রমণের পর এই বাহিনী তৈরি করা হয়। দেশের উত্তর-পূর্ব দিকে চিনের সঙ্গে ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে এই বাহিনী।
প্রসঙ্গত, ২০২০ থেকে চিনের সঙ্গে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হয়েছে ভারতের। সেনা মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে আইটিবিপির শক্তি বৃদ্ধির সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তে স্থায়ী নজরদারি জোরদার করছে ভারত।
সরকারি সূত্রে বলা হয়েছে, সীমান্ত চৌকি তৈরির জন্য জমি অধিগ্রহণ এবং অফিস ও আবাসিক ভবন তৈরি এবং অস্ত্র ও গোলাবারুদের জন্য ১৮০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ৪৭টি সীমান্ত চৌকি তৈরির ফলে আইটিবিপি’র ক্ষমতা ২৬ শতাংশ বৃদ্ধি পাবে।
ত্রিপুরায় শুরু নির্বাচন, আসন ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির, রাজ্যপাট ফেরাতে মরিয়া বামেরাও