
শেষ আপডেট: 10 November 2022 18:47
দ্য ওয়াল ব্যুরো: জামিনে আগেই মুক্ত হয়েছিলেন। আজ অবশেষে ঝাড়খণ্ডে (Jharkhand) যাওয়ার অনুমতি পেলেন পাঁচলায় বিপুল টাকা সমেত ধরা পড়া ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক (Congress MLAs)। এদিন তিনজনকেই শর্তসাপেক্ষে জামিন (bail) দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার আদালত এই জামিন মঞ্জুর করেছেন বলে জানান তাঁদের আইনজীবী।
সূত্রের খবর, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই তিন বিধায়কের জামিন মঞ্জুর হয়। তবে ১৫ দিন অন্তর তাঁদের তিনজনকেই তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই জামিনে এই শর্তও দেওয়া হয়েছে যে, আপাতত তাঁরা কেউই অসমে যেতে পারবেন না। তবে নিজের রাজ্য ঝাড়খণ্ডের যে কোনও জায়গায় তাঁরা যেতে পারবেন।
গত ৩০ জুলাই ঝাড়খণ্ডের তিন বিধায়ক-সহ মোট পাঁচজনকে হাওড়ার পাঁচলা এলাকায় জাতীয় সড়কের উপর একটি গাড়ির মধ্যে থেকে গ্রেফতার করা হয়। হাওয়া গ্রামীণ, হাওড়া শহর ও সিআইডির যৌথ অভিযানে এই গ্রেফতারি হয়। এমএলএ'র স্টিকার লাগানো সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকা নগদ। ওই তিন বিধায়ক ছিলেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজরির বিধায়ক রাজেশ কাশ্যপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল কোঙ্গারি। এছাড়াও বাকি দু'জন ছিলেন গাড়ির চালক চন্দন কুমার ও ঝাড়খণ্ডের যুব কংগ্রেস নেতা কুমার প্রতীক।
১৫ দিনেরও বেশি সময় সিআইডি হেফাজতে থাকার পর ১৭ অগস্ট অন্তর্বর্তীকালীন জামিন পান ওই তিন কংগ্রেস বিধায়ক। তখন শর্ত দেওয়া হয়েছিল যে, জামিন পেলেও এখনই ঝাড়খণ্ডে ফিরতে পারবেন না বিধায়করা। এমনকি কলকাতার বাইরেও বেরোনোতেও নিষেধাজ্ঞা ছিল। এবার শর্তসাপেক্ষে তাঁদের ঝাড়খণ্ড ফেরার জন্য জামিন দেওয়া হল।
‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে’, তৃণমূলের সভায় মহিলাদের কম উপস্থিতিতে ক্ষুব্ধ নেতা