
মেয়ে পাচারকারী সন্দেহে মার। প্রতীকী ছবি।
শেষ আপডেট: 9 July 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এবার মেয়ে পাচারকারী সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হল ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বাড়ি নামখানা ব্লকের মন্মথনগর গ্রামে। নাম তাপস মাপা।
অভিযোগ, সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে জোর করে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাঁর পথ আটকান। বাসিন্দাদের বক্তব্য, তাঁর কথায় অসঙ্গতি ছিল। তারপরেই শুরু হয় মারধর। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে ক্যানিংয়ের দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষ হওয়ার পর একা একাই বাড়ি ফিরছিল। আচমকা বাইকে সওয়ার এক যুবক ওই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেবেন বলে জোরাজুরি করতে থাকেন। তার বাবাকেও চেনেন বলেও দাবি করেন। ওই নাবালিকা প্রথমে বাইকে উঠতে অস্বীকার করে। তখনই উৎসাহী কয়েকজন আশেপাশে জড়ো হন। ওই নাবালিকা পরে মন বদলে বাইকে উঠতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেন।
অভিযোগ, তারপরেই ওই যুবককে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে। ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন বলেও দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযুক্ত যুবক দাবি করেন, নাবালিকাই তাঁর কাছে সাহায্য চেয়েছিল, বাইকে কিছুটা এগিয়ে দিতে বলেছিল। সেটা করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন। নাবালিকার মা পিয়ালি নস্কর বলেন, ‘‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। মেয়েকে নিয়ে বাড়ি আসি। মেয়েকে পাচার করার জন্যই নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা ওর সাজা চাই।’’
সোমবার রাতে ক্যানিং থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা এক যুবককে আটক করেছি। তদন্ত চলছে।" প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও জায়গায় গণপিটুনির ঘটনা ঘটছে। উদ্বিগ্ন প্রশাসন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও এখনও এই প্রবণতা রোখা যায়নি।