
বিরূপাক্ষ বিশ্বাস
শেষ আপডেট: 5 September 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের পরে মেডিক্যাল দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। সন্দীপ ঘোষ সহ একাধিক ডাক্তার এই দুর্নীতি অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি এই তালিকায় বর্ধমান মেডিক্যাল কলেজে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের নামও জুড়েছে। একটি অডিও ভাইরাল হওয়ার পরেই ডাক্তার বিরূপাক্ষের নাম উঠে আসে। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
এরপরে স্বাস্থ্য দফতর থেকে তাঁকে বদলি করে। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে অসন্তাষ দেখা দিয়েছে কাকদ্বীপেও। কাজে যোগ দিতে এলে তাঁকে বাধার মুখে পড়তে হবে, এমন হুঁশিয়ারি দিয়েই পোস্টার সাঁটানো হয়েছে হাসপাতালে। " কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক", এমন পোস্টারে ছেয়ে গেছে গোটা হাসপাতাল চত্বর।
বুধবারে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে 'প্রভাবশালী' ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে। তিনি যাতে কাজে যোগ দিতে না পারেন, তাই বৃহস্পতিবার সকালে কাকদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বামেরা। তাঁদের সঙ্গে স্থানীয়দের একাংশও রয়েছেন। রাত থেকে বিরূপাক্ষের বিরুদ্ধে পোস্টার পরে হাসপাতালে। সেখানে লেখা, "কাকদ্বীপ হাসপাতালে বিরুপাক্ষ বিশ্বাসের বদলি মানছি না মানবো না।" কোথাও আবার লেখা হয়েছে, "বিরুপাক্ষের চামড়া গুটিয়ে দেবো আমরা"। কোথাও আবার "বিরুপাক্ষের গালে গালে জুতো মারো তালে তালে" লেখা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মেডিক্যাল দুর্নীতির মূলচক্রী সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ বিশ্বাস। আরজি কর কাণ্ডে ঘটনার সঙ্গেও জড়িত। আমরা চাই না বিরূপাক্ষ বিশ্বাস এখানে কাজে যোগ দিন। তিনি কাজে যোগ দিতে এলে বাধা দেওয়া হবে।