
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 3 March 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাবড়ার দম্পতি খুনে তিনজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল বারাসত জেলা আদালত। সাজাপ্রাপ্তরা ওই দম্পতির মেয়ে-জামাই ও জামাইয়ের বন্ধু।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর রাতে হাবড়ার টুনিঘাটা লন্ডনপাড়ার বাড়িতে রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তাঁর স্ত্রী লীলারানির। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় এবং বুকে গুলি করে খুন করা হয়েছিল ওই দম্পতিকে। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে ওই দম্পতির ছোট মেয়ে নিবেদিতা, জামাই বান্টি সাধু ও তার সাগরেদ অজয় দাসকে।
পুলিশি জেরায় তারা খুনের কথা স্বীকার করে। জানা গিয়েছে বাজারে প্রায় ৮-১০ লক্ষ টাকা দেনা হয়েছিল বান্টির। পাওনাদারদের চাপে শ্বশুর-শাশুড়িকে টাকার জন্য চাপ দিতে শুরু করে বান্টি। টাকা দিতে অস্বীকার করলে পরিকল্পনা করে খুন করে তারা।
সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বান্টি ,অজয় এবং নিবেদিতাকে দোষী সাব্যস্ত করে বারাসত জেলা আদালত। সোমবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও সঙ্গে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। অনাদায়ে আরও ছমাসের জেল দেওয়া হয়। অজয় দাসের কাছ থেকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হওয়ায় তাকে আরও পাঁচ বছরের জেল ও ৫০০০ টাকা জরিমানা করা হয়। বারাসত জেলা আদালতের বিচারক দিপালী শ্রীবাস্তব সিনহা এই সাজা ঘোষণা করেন।