সনাতন ধর্ম এবং ‘তত্ত্ব শুদ্ধি’র আলো ছড়াতে শহরে মহাসম্মেলন যোগ গুরু অশ্বিনী মহারাজের
দ্য ওয়াল ব্যুরো: যোগ ক্রিয়া এবং সনাতন ধর্মের মাহাত্ম্য বোঝাতে শহর কলকাতায় যোগ গুরু অশ্বিনী মহারাজ। রোগহীন শরীরই বেঁচে থাকার প্রেরণা জোগায়। তার জন্য দরকার নিয়মানুবর্তিতা এবং শারীরিক শ্রম। এমনটাই নিজের শিষ্যদের বলে থাকেন যোগ গুরু অশ্বিনী মহার
শেষ আপডেট: 31 August 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: যোগ ক্রিয়া এবং সনাতন ধর্মের মাহাত্ম্য বোঝাতে শহর কলকাতায় যোগ গুরু অশ্বিনী মহারাজ। রোগহীন শরীরই বেঁচে থাকার প্রেরণা জোগায়। তার জন্য দরকার নিয়মানুবর্তিতা এবং শারীরিক শ্রম। এমনটাই নিজের শিষ্যদের বলে থাকেন যোগ গুরু অশ্বিনী মহারাজ। এ বার তাঁর বহুল প্রচলিত ‘তত্ব শুদ্ধি’র মর্ম বোঝাতে দেশপ্রিয় পার্কের লায়নস ক্লাবে শিষ্য এবং ভক্তদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে ‘ধ্যান ফাউন্ডেশন’।
আজ, শনিবার এবং আগামীকাল দু’দিন ধরে চলবে এই সম্মেলন। বিপুল সংখ্যক মানুষকে যোগ এবং আত্মশুদ্ধির দিশা দেখাতেই নিজের বক্তব্য রাখবেন যোগ গুরু অশ্বিনী মহারাজ। গোটা বিশ্ব জুড়েই কাজ করে ‘ধ্যান ফাউন্ডেশন’। সেখানকার অন্যতম পথপ্রদর্শকই হলেন অশ্বিনী মহারাজ। যোগিক ক্রিয়া, বৈদিক মন্ত্রোচ্চারণ, যাগযজ্ঞ, পরজন্ম-সহ নানা বিষয় নিয়ে কাজ করে এই ফাউন্ডেশন। অশ্বিনী মহারাজ নিজেও বৈদিক নানা মন্ত্রোচ্চারণে পারদর্শী। যে কোনও ভাষাতেই তিনি স্বচ্ছন্দ।

বিভিন্ন সংবাদপত্র এবং জার্নালে যোগ গুরুর লেখা প্রকাশিত হয়। ‘দ্য ইনার ওয়ার্ল্ড’ নামে আন্তর্জাতিক ম্যাগাজিনের তিনি সম্পাদক। আধ্যাত্মিক নানা বিষয় নিয়ে আলোচনামূলক লেখা প্রকাশ করে এই ম্যাগাজিন। তা ছাড়া, সনাতন ক্রিয়ার উপর মহারাজের বই আত্মচেতনার পথ দেখায়। ভারতীয় যোগের মধ্যে অষ্টাঙ্গ যোগ, সনাতন ক্রিয়া (যৌগিক ক্রিয়া)সম্পর্কে অনেক সহজ ভাষায় বিস্তারিত লেখা রয়েছে।
‘তত্ত্ব শুদ্ধি’ মানে হল আত্মশুদ্ধি। মহারাজের কথায়, এর প্রথম পদক্ষেপে শরীরকে রোগমুক্ত করার চেষ্টা করা হয়। পরে, মনকে পরিশুদ্ধ করার প্রয়াস চলে। যাবতীয় অবসাদ যা যন্ত্রণার কারণ, সেখান থেকে মানুষকে মুক্ত করার প্রক্রিয়া চলে। ‘তত্ত্ব শুদ্ধি’ এমনই একটা প্রক্রিয়া যা কার্যকরী হলে মানুষের মুখেও তার ছাপ পড়ে। ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখায়।
এই সম্মেলনে ভক্তদের শেখানো হবে কী ভাবে এই যৌগিক প্রক্রিয়া অভ্যাস করা যায়। শরীর ও মন শান্ত রেখে নিয়মিত এই চর্চা মানুষের জীবনকে আরও সুন্দর করে তোলে। ভারতীয় যোগের উপর মহারাজের আরও অনেক বই রয়েছে। সেই বিষয়েও আলোচনা করা হবে এই সম্মেলনে। ডাক্তার, আইনজীবী, সাংবাদিক থেকে বিভিন্ন পেশার মানুষজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে।