দ্য ওয়াল ব্যুরো, মালদা : দাবি মতো তোলা না পেয়ে সেচ দফতরের গাড়িতে বোমা মারার অভিযোগ উঠল ভূতনির কেশবপুরে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সেচ দফতরের দুই আধিকারিক সহ তিনজন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। ঘটনাস্থলে পৌঁছেছে ভূতনি থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতরা হলেন ইন্দ্রজিৎ মিশ্র ও আলম শেখ। তাঁরা দু’জন সেচ দফতরের আধিকারিক। একজনের বাড়ি মকলদায়। অন্যজন মোথাবাড়ির বাসিন্দা। আহত হয়েছেন ওই গাড়ির চালক বিট্টু ঘোষও।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে ভূতনির হিরানন্দপুরের কেশবপুর কলোনি এলাকায় নদী ভাঙন রোধের কাজ চলছিল। শনিবার দুপুরে সেই কাজ পরিদর্শনের জন্য গিয়েছিলেন ইন্দ্রজিৎ মিশ্র ও আলম শেখ। অভিযোগ, গাড়ি নিয়ে তাঁরা বাঁধের উপর উঠতেই কয়েকজন দুষ্কৃতী গাড়িটি থামায়। তারপরেই তারা গাড়ি লক্ষ্য করে বোমা মারতে থাকে। বোমার ঘায়ে গুরুতর জখম হন তিনজন। বোমার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আসে পুলিশও। আহত দুই আধিকারিক ও গাড়ির চালককে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেচ দফতর এই কাজ শুরু করতেই স্থানীয় কিছু দুষ্কৃতী মোটা টাকার দাবি করেছিল। টাকা না দেওয়াতেই হামলা চালায় তারা। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, দাবিমতো টাকা না দেওয়াতেই এই হামলা হয়।
তোলা না দেওয়ায় সরকারি আধিকারিকদের উপর এমন হামলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।