
শেষ আপডেট: 5 December 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলার শুনানিতে অনুব্রতর জামিনের তীব্র বিরোধিতা করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু।
কেন অনুব্রতকে জামিন দেওয়া যাবে না, তার ব্যাখ্যা দিতে গিয়ে এদিন আদালতে ফের প্রভাবশালী তত্ত্ব খাড়া করেছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। আদালতে এসভি রাজুর দাবি, “জামিনের জন্য আদালতের স্পেশাল জাজকে ভয় দেখিয়ে চিঠি পাঠানোর অভিযোগ রয়েছে অনুব্রতর বিরুদ্ধে। পুলিশ তাঁর পকেটে। এমন প্রভাবশালী জামিন পেলে মামলার সাক্ষ্যপ্রমাণ নষ্ট হতে পারে।”
অন্যদিকে জামিনের সপক্ষে এদিন অনুব্রতর আইনজীবি মুকুল রোহতগি বলেন, “আমার মক্কেল ১৭ মাস ধরে জেলে রয়েছেন। তদন্তকারীরা সেভাবে কোনও প্রমাণ এখনও আদালতে হাজির করতে পারেনি। এমনকী সিবিআই যাকে এই মামলার কিংপিন হিসাবে চিহ্নিত করেছিল সেই এনামুল হকও জামিন পেয়েছেন। জামিন পেয়েছে আর এক অভিযুক্ত সতীশ কুমারও। তাহলে অনুব্রত কেন জামিন পাবেন না?”
দু’পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি জানান, চার্জ গঠনের আগে জামিন মামলার শুনানি হবে না। ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ আগামী বছরের প্রথম মাসও জেলেই কাটবে কেষ্ট মণ্ডলের। আদালত সূত্রের খবর, মামলার চার্জ গঠনের পর জামিনের আবেদনের শুনানি হতে পারে।
গরু পাচার মামলায় গত বছরের ১১ অগস্ট বীরভূমের বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির হেফাজত শেষে আসানসোল জেলেই ছিলেন তিনি। পরে আদালতের অনুমতিক্রমে অনুব্রতকে তিহাড় জেলে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পরে মামলাও স্থানান্তর করা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে।