
শেষ আপডেট: 11 December 2023 15:24
দ্য ওয়াল ব্যুরো: এমন ঘটনা বিশ্ব ক্রিকেটে বিরলই বলা চলে। এখনও দেখা যায়নি এমন দৃশ্য। যেখানে তিন উইকেটের মধ্যে মিডল স্টাম্প হেলে গিয়েছে। বেলও নড়ে গেল। অথচ ব্যাটার আউট হলেন না। এই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এমসিসি-র নিয়ম মতো আম্পায়ার এক্ষেত্রে ব্যাটারকে নটআউট দিয়েছেন। মেলবোর্নের ক্লাব ক্রিকেটের একটি ম্যাচে এমন ঘটনা ঘটেছে। মিডল স্টাম্পের সঙ্গে দুটি বেলের কোনও সংযোগ ছিল না। মিডল স্টাম্প সরে গেলেও সেটি সম্পূর্ণ উপড়ে যায়নি। কিন্তু বেল অক্ষত রয়েছে উইকেটের ওপর। এক্ষেত্রে ব্যাটার আউট হবেন না। ঠিক সেটাই হয়েছে। ভাগ্য সহায় থাকলে কী হতে পারে, এই ম্যাচে ওই ব্যাটারের ক্ষেত্রে বলা যেতে পারে।
ক্রিকেটের আইনে রয়েছে, বেল না পড়লে কোনওভাবেই ওই ব্যাটারকে আউট দেওয়া যাবে না। এক্ষেত্রে বেল সাময়িকভাবে নড়লেও সেটি অক্ষত ছিল।
ক্রিকেটের মাঠে এমন ঘটনা বিরল হলেও একেবারে নতুন নয়। ২০১৭ সালে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল। ভারতে প্রথম শ্রেণীর ম্যাচে মিডল স্টাম্প মাটি থেকে উপড়ে গিয়েছিল। অথচ লেগ ও অফ স্টাম্প অক্ষত ছিল। বেলও পড়েনি, তাও আম্পায়ার ওই ব্যাটারকে আউট দিয়ে দেন। এক্ষেত্রেও যদি স্টাম্প একেবারে মাটি থেকে উপড়ে যেত, তা হলে বোলারের ঝুলিতে শিকার সংখ্যা বাড়ত।