দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ফুটবলে বড় রকমের এক নিয়ম আনল ফিফা। তারা মহিলা ফুটবলারদের নিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁদের জন্য ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে ফিফা। ফিফার কার্যকরি কমিটি এই সিদ্ধান্ত নিয়ে বিবৃতিও দিয়েছে।
ফিফা জানায়, এই আইনে মহিলা ফুটবলাররা ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন। এরমধ্যে সন্তান জন্মের পর বাধ্যতামূলক কমপক্ষে ৮ সপ্তাহ ছুটি দিতে হবে বলে জানিয়েছে তারা।
ফিফা জানায়, মাতৃত্বকালীন ছুটি শেষে ক্লাবগুলোকে তাদের ওই মহিলা ফুটবলারদের আবারও নতুন করে নথিভুক্ত করতে হবে। এমনকি মহিলা ফুটবলারদের চিকিৎসার ভারও নিতে হবে ক্লাবগুলিকে।
এই বিষয়ে ফিফা প্রেসিডেন্ট ইতালির বাসিন্দা জিয়ান্নি ইনফান্তিনো টুইটারে বলেন, খেলোয়াড়রা হলেন ফুটবলের প্রধান নায়ক, তাঁরা এই খেলার প্রধান অংশ। তাঁদের সফলতার মঞ্চ আমাদেরকেই প্রস্তুত করতে হবে।’’
ফিফা কর্ণধার এও জানিয়েছেন, ‘‘মহিলা ফুটবলারদের উজ্জ্বল ক্যারিয়ারের জন্য আমাদেরও আরও স্থায়ী ও উন্নত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে যখন তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন পড়বে, তা নিয়ে যেন তাঁরা চিন্তিত না থাকেন।’’
তিনি বলেন, ‘‘আমরা যদি মহিলাদের খেলায় উজ্জীবিত করতে চাই, তাহলে এসব বিষয় দেখতে হবে।’’ ইনফান্তিনো মনে করিয়ে দিয়েছেন, ফুটবলকে আরও সুন্দর করতে মহিলা ফুটবলকে নিয়ে সবাইকে ভাবতে হবে। কারণ খেলার উৎকর্ষতার সঙ্গে ওঁরাও ভীষণভাবে জড়িত।
নয়া আইনের বিষয়ে বিস্তারিত না বললেও ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘‘নতুন আইনে কোচদের জন্যও বৃহত্তর সুবিধার সুযোগ থাকবে। আমরা যেভাবে খেলি তার উন্নতি ঘটান কোচরা এবং তারা খেলোয়াড়দের উৎসাহ দেন। তাদেরও চাকরির নিশ্চয়তা দরকার এবং তাদের সুরক্ষার জন্য আমাদের ন্যূনতম মান বজায় রাখতে হবে।’’
ফিফা প্রেসিডেন্ট আরও জানান, ‘‘১৪ সপ্তাহের মাতৃত্বকালীন বাধ্যতামূলক ছুটির আইনে খেলোয়াড়দের তাদের চুক্তির দুই-তৃতীয়াংশ অর্থের নিশ্চয়তা থাকবে। এমনকি এই নিয়ে যদি মহিলা ফুটবলারদের কোনওরকম হেনস্থার মধ্যে পড়তে হয়, তারজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ফিফা।’’