
শেষ আপডেট: 6 March 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বাজবল ফিরল রোহিত শর্মার কথায়। ভারত ও ইংল্যান্ড চলতি সিরিজের মধ্যে বাজবল প্রসঙ্গ উঠেছে বারবারই। ব্রিটিশ দলের কোচ ব্র্যান্ডন ম্যাককুলামের আক্রমণাত্মক ক্রিকেটকেই বাজবল বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার থেকে শুরু পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। ধরমশালায় এই ম্যাচের আগেরদিন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে কখনও বেশ আক্রমণাত্মক দেখিয়েছে। ইংল্যান্ডের বেন ডাকেট সম্প্রতি বলেছেন, আমাদের বাজবল থেকে অনুপ্রেরণা নিয়েছেন ভারতের যশস্বী জয়সোয়াল। ডাকেট এও বলেন, তাঁর খেলা দেখেই নাকি এই সিরিজে খেলেছেন ভারতের তরুণ ব্যাটাররা।
সেই কথা এদিন সাংবাদিক সম্মেলনে উঠলে রোহিত বলেছেন, ডাকেট ওসব বলতেই পারেন। আমার তো মনে হয় আমাদের দলে ঋষভ পন্থ একজন ক্রিকেটার ছিল, তার খেলাও ডাকেট দেখেননি! দেখলে এসব বলতেন না। কারণ ঋষভের খেলার ধরন মিলে যায় এমন ক্রিকেটের সঙ্গে।
বাজবল খায় না মাথায় দেয়, সেই নিয়েও কোনও ধারণা নেই রোহিতের। তিনি এদিন বলেছেন, ‘‘আমি জানি না বাজবল কথার মানে কী! ওরা বলছে, বাজবল হল ক্রিকেটীয় ব্যকরণের বাইরে গিয়ে শট খেলা। কিন্তু সেটি ঘটছে না। ওদের ব্যাটাররা সব নিয়ম মেনেই শট খেলছে। আমি তো বলব, গত সফরের থেকে ইংল্যান্ডের এই দলটা ভারতের মাঠে ভাল ক্রিকেট খেলছে।’’
প্রসঙ্গত, চলতি টেস্ট সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জিতে গিয়েছে। এই টেস্ট নিয়মরক্ষার হলেও আইসিসি টেস্ট ক্রম তালিকায় শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।