
ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাচ কোহলিদের।
শেষ আপডেট: 4 July 2024 21:50
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সেই সকালে দিল্লিতে নেমেছিল বিশ্বজয়ীরা। তারপর কেটে গিয়েছে প্রায় ১৫ ঘণ্টা। টানা ঘুরে চলেছেন রোহিত-কোহলিরা। ১৩ বছর পরে বিশ্বকাপ এসেছে দেশে। আবেগের স্রোত বইছে পুরো দেশে।
মুম্বই শহরকে দেখলে এক টুকরো বুয়েনস আয়ার্স মনে হবে। আর্জেন্টিনার বিশ্বজয়ের পরে তাদের রাজধানী শহরে যেরকম উচ্ছ্বাস দেখা গিয়েছিল। তারচেয়েও হয়তো বেশি উন্মাদনা দেখা গিয়েছে বানিজ্য নগরীতে।
ভারতীয় দলের ভিকট্রি প্যারেড দেখতে মেরিন ড্রাইভের পাশে গাছে উঠে পড়লেন যুবক। একটা বড় গাছে ওই যুবককে শুয়ে থাকতে দেখে ক্রিকেটাররাও অবাক হয়ে গিয়েছেন। সেইসময় তাঁকে নেমে আসতেও বলা হয়। কিন্তু তিনি নামেননি, বরং দু’হাত ছেড়ে মোবাইল ক্যামেরায় ছবি তুলে রাখছিলেন।
মেরিন ড্রাইভে পুরো মাথার সারি। নরিম্যান পয়েন্টে জন সমুদ্র। এই অবস্থার মধ্যে টিম বাসে করে রোহিতের দল ওয়াংখেড়েতে পা দেওয়া মাত্রই সব উচ্ছ্বাস বাঁধনহারা হয়ে গিয়েছে। ট্রফি নিয়ে জাতীয় সঙ্গীত গেয়েছেন রোহিত-হার্দিকরা। এমনকী দেখা গিয়েছে, ট্রফি নিয়ে নাচছেন ভারতীয় ক্রিকেটাররা। সেইসময় পুরো মাঠ তাঁদের সঙ্গে নাচছিল। রোহিত তাঁর সংক্ষিপ্ত ভাষণে এই টি ২০ বিশ্বকাপ ট্রফি দেশবাসীকে উৎসর্গ করেছেন।