
রিকি পন্টিং ও রাহুল দ্রাবিড়
শেষ আপডেট: 8 April 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো: দুজনেই নিজেদের দেশের হয়ে এক সময় তিন নম্বরে নেমেছেন। হয়ে উঠেছেন মিডল অর্ডারের স্তম্ভ। রাহুল দ্রাবিড় ও রিকি পন্টিং৷ ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির কিংবদন্তি। এখন আইপিএলে হেড কোচ। পন্টিং রয়েছেন পাঞ্জাব শিবিরে। রাহুল রাজস্থান ক্যাম্পে।
চলতি টুর্নামেন্টের মধ্যে নিজেদের ফেলে আসা সম্পর্কে আলো ফেলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। জানিয়েছেন, কেরিয়ারে দু:সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় তিনি দ্রাবিড়কে পরামর্শ দিয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। পন্টিং বলেন, ‘আমরা সবাই দেখছিলাম রাহুল লড়াই করছে। সেই সময় মিডিয়ায় প্রচুর কথা উঠেছিল। সবাই ছুড়ে ফেলতে চাইছিল৷ কিন্তু আমি পাশে দাঁড়াই। তখন নিজেদের দলের হয়ে দুজনেই তিন নম্বরে নামতাম। আমি জানতাম রাহুল যে মানের খেলোয়াড়, তাতে ফর্ম কিংবা ক্লাস—কোনওটাই ওকে ছেড়ে যেতে পারে না।’
এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দেন পন্টিং৷ বলেন, ‘সেই সময় আমি দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করি। ওকে বলি: বাইরের কিছু নিয়ে মাথা ঘামিও না। শুধু যে সমস্ত বিষয় তোমায় ভাল খেলোয়াড় বানিয়েছে, তা নিয়ে ভেবে যাও৷ যদি তুমি সেটুকুই চিন্তা করো, তাহলে নিজের কেরিয়ার একটা উচ্চতায় শেষ করতে পারবে।’ পাশাপাশি রিকি পন্টিং জানান, তাঁর নিজের কেরিয়ারের খারাপ মুহূর্তেও দ্রাবিড় তাঁকে একই পরামর্শ দেন। যার ফলে তিনি কামব্যাক করেছিলেন।
ইদানীং রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়েও বিতর্ক শুরু হয়েছে। তাঁদেরও কি অবসর নেওয়ার সময় এসেছে? বিষয়টিকে আমল দিতে নারাজ প্রাক্তন ক্রিকেটার। পন্টিংয়ের বক্তব্য, ‘আপনি কখনও ভাল খেলোয়াড়দের বাতিল করতে পারেন না। তাঁরা সঙ্গত কারণেই চ্যাম্পিয়ন। দেয়ালে পিঠ ঠেকে গেলেও ফিরে আসার রাস্তা খুঁজে নেন৷ যদিও টেস্ট ক্রিকেট খেলা এই মুহূর্তে দুজনের পক্ষেই কিছুটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে৷ রোহিত বলে দিয়েছেন তিনি ওয়ান ডে থেকে অবসর নেবেন না। বিরাট কিছু না বললেও আমি মনে করি একদিনের ক্রিকেটে ও-ই সর্বকালের সেরা।’
কিন্তু আপনি আর দ্রাবিড় দুজনে দুজনকে যে পরামর্শ দিয়েছেন সেটা কি ফের একবার রোহিত, বিরাটকে শোনাবেন? পন্টিংয়ের সহাস্য জবাব, ‘না। মনে হয় না আমি সেটা করব বলে!’