সমালোচনা করুন, হেনস্থা করবেন না, পাক সমর্থকদের আর্জি সরফরাজের
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ ম্যাচে মাত্র এক জয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে লজ্জার হার হয়েছে। আর তারপর থেকেই প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের নিশানায় পাক দল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রকাশ্যে, বারবার বিভিন্ন পাক ক্রিকেটারকে উদ্
শেষ আপডেট: 23 June 2019 08:32
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ ম্যাচে মাত্র এক জয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে লজ্জার হার হয়েছে। আর তারপর থেকেই প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের নিশানায় পাক দল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রকাশ্যে, বারবার বিভিন্ন পাক ক্রিকেটারকে উদ্দেশ করে কুরুচিকর মন্তব্য করছেন সমর্থকরা। আর এই বিষয় নিয়েই ফ্যানদের আর্জি জানালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বললেন, সমালোচনা করুন, কিন্তু হেনস্থা করবেন না।
রবিবার বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে লর্ডসের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। এই ম্যাচ জিতলেও যে অবশ্য খুব একটা সুবিধা হবে তা নয়। কারণ নিজেদের বাকি চার ম্যাচ জেতার পরেও পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড যে ভাবে খেলছে, তাতে পাকিস্তানের কাছে যে বিশ্বকাপের স্বপ্ন শেষ তা বলা যেতেই পারে।
শনিবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন সরফরাজ। সেখানেই তিনি ফ্যানদের উদ্দেশে বলেন, "প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবন থাকে। সমর্থকরা যা ভাবছেন, সোশ্যাল মিডিয়ায় লিখে দিচ্ছেন। সেগুলো ক্রিকেটারদের আঘাত দিচ্ছে। প্লেয়াররা মানসিকভাবে ভেঙে পড়ছেন। এগুলো উচিত নয়।" সরফরাজ আরও বলেন, "আমি মানছি আমাদের পারফরম্যান্সের পর ফ্যানদের রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু আপনি তো কাউকে আটকাতে পারবেন না। আমাদের সমর্থকরা খুবই ইমোশনাল। আমরা যখন ভালো করি, তখন এরাই আমাদের মাথায় তুলে রাখে, আবার হারলে তার ঠিক উল্টোটা হয়। আমরা পাকিস্তানের হয়ে খেলি বলেই আমাদের এগুলো বেশি মনে হয়।"
তারপরেই সমর্থকদের উদ্দেশে বার্তা দেন সরফরাজ। তিনি বলেন, "আমাদের পরিবার এর থেকে আঘাত পায়। যখন কেউ ভালো খেলছে, তখন তাকে আঘাত দেওয়া উচিত নয়। তাই আমরা অনুরোধ করছি, ক্রিকেট নিয়ে কথা বলুন। কাউকে হেনস্থা করা ঠিক নয়। আমাদের খেলার সমালোচনা করুন। সেটা কোনও সমস্যা নয়। আমি জানি ক্রিকেট এমন একটা খেলা যা একদিন আপনাকে আকাশে তুলে দেবে, আবার পরের দিনই আপনাকে মাটিতে ছুড়ে ফেলবে। কিন্তু আমরা সব সময় জেতার চেষ্টা করি। কিন্তু খেলায় তো হার-জিত আছেই। সেটা মেনেও নিতে হবে।"
ভারতের বিরুদ্ধে হারের পর ইংল্যান্ডের এক শপিং মলে এক পাক ফ্যান সরফরাজের সঙ্গে সেলফি নেওয়ার সময় তাঁকে বলেন, "আপনি শুয়োরের মতো এত মোটা কেন। আপনিই না আমাদের গর্বিত করেছিলেন ( চ্যাম্পিয়নস ট্রফি জিতে )।" সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। পরে অবশ্য ওই ফ্যান ক্ষমা চান। বৃহস্পতিবার লাঞ্চের সময় নাকি দুই পাক ক্রিকেটার ইমাম উল হক ও বাবর আজমকেও কুরুচিকর মন্তব্য করেন সমর্থকরা। আর এইসব ঘটনার পর পাক ক্রিকেটারদের বলা হয়েছে, রাস্তায় সাবধানে চলাফেরা করতে।