দ্য ওয়াল ব্যুরো: বয়স ১০ বছর। কিন্তু তার পায়ের জাদু দেখে চমকে গেলেন ভারতীয় ফুটবলের কালো হরিণ আইএম বিজয়নও। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়। প্রশংশায় পঞ্চমুখ ফুটবলপ্রেমীরা।
কেরলের একটি স্থানীয় টুর্নামেন্টের খেলা চলছিল। সাব জুনিয়র বিভাগের সেই টুর্নামেন্টে জিরো ডিগ্রি কোণ থেকে গোল করে এই ছেলেটি। কর্ণার পায় তাদের টিম। কেটিএফসি নামের দলটির হয়ে কর্ণার নিতে আসে ৮০ নম্বর জার্সি পরা ছেলেটা। ভিডিওতে দেখা যাচ্ছে, কর্ণারে বল বসিয়ে তাকিয়ে দেখে নিচ্ছে প্রতিপক্ষের গোলকিপারকে। তারপর কপাল থেকে চুল সরিয়েই বাঁক খাওয়ানো ইনস্যুইং। যা সোজা জড়িয়ে যাচ্ছে জালে।
ওই ছেলেটির মা প্রথম ফেসবুকে পোস্ট করেন তাঁর ছেলের অনবদ্য গোলের ভিডিও। সেখানেই বিজয়নকে মেনশন করেন এক ফুটবলপ্রেমী। বিজয়ন আর অপেক্ষা করেননি। নিজের টুইটার হ্যান্ডল থেকে টুইট করেন ওই গোলের ভিডিও। লেখেন, ‘সুপার্ব।’
কালো হরিণ টুইট করার ফলে যা হওয়ার তাই হয়েছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই গোলের ভিডিও। কেউ লেখেন, যত্ন নিলে ছেলেটি বড় হয়ে আরও উন্নতি করবে। কেউ কেউ আবার কেরলের বেকহ্যাম বলেও কমেন্ট করেন বিজয়নের টুইটে। যদিও ওই খুদে ফুটবলারের নাম এখনও জানা যায়নি।
https://twitter.com/IMVijayan1/status/1227129072322375680
তবে বিজয়নের টুইটেই কেউ কেউ লিখে লিখে গিয়েছেন, পরিকাঠামোর জন্য এরকম কত প্রতিভাই না হারিয়ে যায়! যে মাঠের ছবি ভিডিওতে দেখা গিয়েছে, তাতেও স্পষ্ট পরিকাঠামোর অভাব। এবড়োখেবড়ো মাঠে ঘাস নেই। আর সেখানেই এমন গোল করে যাচ্ছে একটি ছোট্ট ছেলে। অনেকের মতে, এই কুঁড়িদের ফুল হয়ে ফোটানোর মতো মানসিকতাই এদেশের ক্রীড়া প্রশাসকদের মধ্যে নেই। তবে ইন্টারনেটে সেনসেশন হয়ে যাওয়া এই ছেলেটিকে বড় করার জন্য আইএসএল-এর দল কেরালা ব্লাস্টার্সের উদ্যোগ চেয়েছেন কেউ কেউ।
একটা সময়ে কেরল থেকে বহু ফুটবলারের উত্থান হয়েছে ভারতীয় ফুটবলে। মাঝে একটা ভাটা পড়েছিল। তবে কয়েক বছর ধরে জবি জাস্টিন, উবেইদ, ভিপি সুহেরদের উত্থান নতুন আশা জাগিয়েছে দক্ষিণের এই রাজ্যের ফুটবলে। এখন দেখার এই ছেলেটি বিজয়নদের উত্তরসূরী হয়ে উঠতে পারে কিনা।