কলকাতা (Kolkata) পাক সীমান্তবর্তী শহর নয়। তবুও কেন ফাইনাল আয়োজন থেকে ইডেনকে বঞ্চিত করা হল? কোন উদ্দেশ্যে আমদাবাদে সরানো হল গ্র্যান্ড ফিনালের আয়োজন?

আইপিএল ট্রফি
শেষ আপডেট: 14 May 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) সমর্থকদের চূড়ান্ত হতাশ করেছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) পারফরম্যান্স। দল হিসেবে রাহানেরা প্লে-অফের (Play-Off) দৌড় থেকে কার্যত বিদায় নিয়েছেন। যদিও অঙ্কের হিসেবে এখনও টিকে রয়েছে কলকাতা।
এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে যতটুকু আশা বেঁচেছিল, সবই ইডেনকে ঘিরে। কারণ, পূর্বনির্ধারিত সূচি এবং আইপিএলের নিয়ম অনুযায়ী, গতবারের বিজয়ী দলকে পরের মরশুমের প্রথম ম্যাচ ও ফাইনাল আয়োজনের সুযোগ দেওয়া হয়। এবারও তার অন্যথা হয়নি। কেকেআর ফাইনালে উঠুক চায় না উঠুক, ফাইনাল আয়োজিত হত ইডেনেই।
কিন্তু ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি ও সীমান্ত সংঘর্ষের জেরে সুরক্ষার কথা মাথায় রেখে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের একবার চালু হচ্ছে থমকে থাকা আইপিএল। কিন্তু বদলে গেছে মঞ্চ, পাল্টে গিয়েছে সময়। ফাইনাল, যেটা আয়োজনের কথা ছিল ২৫ মে, আয়োজিত হতে চলেছে ৩ মে। আগে ইডেনের কপালে গ্র্যান্ড আসর বসানোর বরাত থাকলেও সূত্রের খবর, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামই (Narendra Modi Stadium) আইপিএল ফাইনাল অনুষ্ঠিত করতে চলেছে।
১৭ তারিখ থেকে শুরু হতে চলা বাকি ১৭টি ম্যাচের আসর নিয়ে ফের নতুন করে সমর্থকদের উন্মাদনা শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে দানা বেঁধেছে বিতর্ক। কলকাতা (Kolkata) পাক সীমান্তবর্তী শহর নয়। তবুও কেন ফাইনাল আয়োজন থেকে ইডেনকে বঞ্চিত করা হল? কোন উদ্দেশ্যে আমদাবাদে সরানো হল গ্র্যান্ড ফিনালের আয়োজন?
এই নিয়ে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ৩ জুন, যেদিন আইপিএলে চূড়ান্ত লড়াই, সেদিন মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সেই তালিকায় আছে কলকাতাও। ফলে বোর্ড ঝুঁকি নিতে চায়নি। বৃষ্টির জন্য ফাইনাল ভেস্তে যেতে পারে—এটা অনুমান করেই ম্যাচের আসর চলে গিয়েছে গুজরাতে। যদিও আমদাবাদের স্টেডিয়ামই আইপিএল ফাইনাল আয়োজন করবে কি না, এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে একাধিক সংবাদ সংস্থার দাবি, চূড়ান্ত লড়াইয়ের ভেন্যু ইতিমধ্যে ঠিক করে ফেলেছে বিসিসিআই।
এর পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ার আয়োজনের যে সুযোগ পেয়েছিল কলকাতা, সেটাও হাত থেকে ফস্কে গিয়েছে। প্রথম কোয়ালিয়ারের মঞ্চ হিসেবে আগে বাছা হয়েছিল হায়দরাবাদকে। কলকাতার মতো তাদেরও কপাল পুড়েছে। পুনর্বিন্যস্ত ছ’টি ভেন্যুতেই আয়োজিত হতে চলেছে দুটি কোয়ালিফায়ার ও এলিমিনিটারের লড়াই। কলকাতার হাত গলে বেরিয়ে যাওয়া সেকেন্ড কোয়ালিফায়ার বসবে আমদাবাদের মাঠে।
প্রসঙ্গত, বাকি আইপিএলের ম্যাচ আয়োজিত হয়ে চলেছে ছ’টি আলাদা শহরে। সেগুলি হল: লখনউ, দিল্লি, জয়পুর, আমদাবাদ, মুম্বই ও বেঙ্গালুরু। প্লে-অফের ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।