1.png)
বৈভব, জাদেজা ও শুভমান
শেষ আপডেট: 29 April 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত তখন প্রায় সাড়ে নটা। জয়পুরে মরুঝড় নয়, শুরু হল এক কিশোরের তাণ্ডবলীলা। বয়স তার সবে ১৪ পেরিয়েছে। সোয়াই মান সিং স্টেডিয়ামে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা তো বটেই, এমনকি টিভি বা মোবাইল স্ক্রিন থেকেও কারও পলক সরছিল না। ফিল্ডারদেরও মাঠে দর্শক হয়ে বৈভব (Vaibhav Suryavanshi) তাণ্ডব দেখা ছাড়া কোনও কাজ ছিল না। মাঠের মধ্যে বল তো থাকছেই না। ডেলিভারির পরই সেটার স্থান হচ্ছে বাউন্ডারি সীমার বাইরে।
ক্রিকেট বিশ্বে একটাই প্রশ্ন তখন, রিল লাইফেও তো এমনটা দেখা যায় না। বুক ক্রিকেটেও তো এত রান হয় না। খুচরো রান নেওয়ার কোনও ব্যাপার নেই, বোলার কে তা দেখার কোনও বিষয় নেই। বলে বলে ছক্কা হাঁকাচ্ছেন বৈভব সূর্যবংশী।
বৈভবের এই ইনিংসের প্রশংসায় যখন গোটা ক্রিকেটবিশ্ব পঞ্চমুখ তখন প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের (Gujrat Titans) অধিনায়ক শুভমান গিল (Shuvman Gill) এমন একটা কথা বললেন, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। নেটিজেনরা শুভমানের সমালোচনাও শুরু করে দিয়েছেন। গিলের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন অজয় জাদেজাও (Ajoy Jadeja)।
বৈভব সূর্যবংশীর ইনিংস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল প্রথমে খুব বেশি কিছু বলতে চাননি। গুজরাটের বিরুদ্ধে বৈভবের ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসের কোনও জবাব ছিল না শুভমানের বোলারদের কাছে। বিহারের কিশোরের ইনিংস গুজরাট শিবিরকে হতবাক করে দিয়েছিল। বৈভবকে নিয়ে আলোচনা চললেও ম্যাচ শুরুর আগে কেউই ভাবেননি প্রসিধ কৃষ্ণা, ইশান্ত শর্মা, জিশান, ওয়াশিংটন সুন্দরদের নিয়ে এমন ছেলেখেলা খেলবেন বাচ্চা ছেলেটা। তবে, গিল বৈভব সম্পর্কে এমন কিছু বলেছেন, তা বিতর্কিত হয়ে উঠেছে।
ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, গিল সূর্যবংশীর প্রশংসায় বিন্দুমাত্র দ্বিধা করেননি। তিনি বলেন, এটি ছিল গৌরবের দিন, এ কারণেই বৈভব এত বড় ইনিংস খেলতে পেরেছে। গিল বলল, 'এটা ওর (বৈভব) সৌভাগ্যের দিন ছিল। ওর হিটিং ছিল অসাধারণ। তবে সৌভাগ্য সঙ্গে কাজ করেছে।'
গিলের এই সৌভাগ্য (Good Luck) শব্দটি পছন্দ হয়নি ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার। ক্ষুব্ধ জাদেজা বলেন, গিলের দল হেরে গিয়েছে ঠিকই, তবে তাঁর বক্তব্য আরও পরিণত হওয়া উচিত ছিল।
আসলে ইশান্ত শর্মার বলে বৈভবের একটি ক্যাচ মিস করেন উইকেটরক্ষক জশ বাটলার। পাশাপাশি বৈভবের বেশ কিছু শট অল্পের জন্য ক্যাচে পরিণত হয়নি। তাই শুভমান হয়তো এই কথা বলেছেন।
শুভমানের কথা প্রসঙ্গে জিওস্টারের সঙ্গে কথোপকথনে জাদেজা বলেন, '১৪ বছরের একটি ছেলের নিজের উপর আত্মবিশ্বাস ছিল। ছেলেটির আত্মবিশ্বাস প্রবল, যা তাকে সেঞ্চুরি করতে সাহায্য করেছে। যাই হোক না কেন, একজন খেলোয়াড়ের (শুভমান গিল) টিভিতে এসে বলা, ওহ, এটা কেবল কারণ যে, সে ভাগ্যবান ছিল এবং আজ তার দিন ছিল, এরকমটা একদমই ঠিক নয়।'
পাশাপাশি জাদেজা বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি বলেন, ১৪ বছর বয়সি একজন ব্যাটসম্যানের জন্য বিশ্বের সেরা কিছু বোলারের বিরুদ্ধে খেলা এবং আইপিএলে (IPL) সেঞ্চুরি (Century) করা সত্যিই এক বিরাট অর্জন।
জাদেজা বলেন, 'আমরা যাঁরা ক্রিকেট খেলি তাঁদের সকলেরই মনে এরকম একটা ইনিংস খেলার স্বপ্ন থাকে। এরকম ইনিংসই স্বপ্নের ইনিংস। ১৪-১৫ বছর বয়সে, আমাদের সবারই হয়তো আলাদা আলাদা স্বপ্ন ছিল, কিন্তু সেই ছেলেটি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। বৈভব সেখানে সেই স্বপ্ন পূরণ করেছে। তার সাহস আছে। এই ১০০ রান দীর্ঘ সময় ধরে মনে থাকবে।'
জাদেজা বললেন, 'সাত ওভারের পর আপনার কাছে কৌশলগত টাইমআউট নেওয়ার বিকল্প আছে। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর এবং রাজস্থান টিম ম্যানেজমেন্টকে অনেক কৃতিত্ব দেওয়া উচিত ছেলেটিকে স্বাধীনভাবে খেলতে এবং বিকশিত হতে দেওয়ার জন্য। আর আমার মনে হয়, এই মানসিকতাই আমাকে অন্য যেকোনও কিছুর থেকে বেশি প্রভাবিত করে।'