
শেষ আপডেট: 4 December 2023 17:29
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান দলের সঙ্গে হচ্ছেটা কী! দিন কয়েক আগেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে বাবর আজমদের 'কুলি'র ভূমিকা নিতে হয়েছিল। পাক দলকে বিমানবন্দর থেকে হোটেলে ট্রাকে চেপে যেতে হয়েছিল। নিজেদের জিনিসপত্র নিজেদেরকেই বয়ে ট্রাকে তুলতে হচ্ছে, এমন ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল নেট পাড়ায়। এবার এক নতুন ভিডিও সামনে এসেছে, যা অস্বস্তিতে ফেলেছে পাক ক্রিকেট বোর্ডকে।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুরবস্থার ছবি ফুটে উঠেছে ভাইরাল হওয়া ভিডিওতে। রবিবার ন্যাশনাল টি-২০ কাপের ম্যাচ ছিল রাওয়ালপিন্ডি ও সিয়ালকোটের মধ্যে। ম্যাচটি খেলা হয় করাচির ইউনাইটেড ব্যঙ্ক লিমিটেড স্পোর্টস কমপ্লেক্সে। ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান রাওয়ালপিন্ডির অধিনায়ক শাদাব খান।
চোটের কারণে মাঠের মধ্যেই বসে যন্ত্রণায় কাতরাতে থাকেন রাওয়ালপিন্ডির অধিনায়ক। তড়িঘড়ি তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু এতটাই যন্ত্রণা হচ্ছিল শাদবের যে হেঁটে মাঠের বাইরে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু তাঁকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারের ব্যবস্থা ছিল না। অগত্যা সতীর্থের কাঁধে চেপেই মাঠ ছাড়েন শাদাব!
Are we in 1980? How are they taking Shadab Khan off the field? Koi stretcher nahin hay kya @TheRealPCB ke pas? UBL Complex bhi Karachi mein hay, Sukkur mein toh nahin ????????♂️????????♂️ #NationalT20 pic.twitter.com/u7RciMIVqr
— Farid Khan (@_FaridKhan) December 3, 2023
এই ভিডিও ছড়িয়ে পড়তেই পাক বোর্ডের সমালোচনায় মুখর হন নেটিজেনরা। একজন ক্রিকেটারের প্রাপ্য প্রাথমিক সুযোগ সুবিধাগুলোও দিতে পারছে না বোর্ড এমন অভিযোগও উঠেছে। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, 'আমরা কোন সালে বাস করছি? এটা কি আটের দশক নাকি? একজন ক্রিকেটার চোট পেলে তাঁকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারের ব্যবস্থা থাকে না কেন মাঠে?' কেউ কেউ আবার এও বলছেন, শাদাব খানের মতো ক্রিকেটারের কাছে এহেন ঘটনা খুবই অপমানের। বোর্ডের উচিত বিষয়টি খতিয়ে দেখার।