
হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি
শেষ আপডেট: 4 March 2025 21:48
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনাল ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করে। বিরাট কোহলি ৮৪ রান করে টিম ইন্ডিয়ার জয়ের ভিত অনেকটাই মজবুত করে দেন।
এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল। আগামীকাল অর্থাৎ ৫ মার্চ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। মুখোমুখি নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে যে দল জয়লাভ করবে, তাদের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে হবে।
ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা বেশ ধীরগতিতে হলেও, পরেরদিকে তারা ম্যাচের হাল ধরে নেয়। একেবারে ঠাণ্ডা মাথায় হিসেব কষে টিম ইন্ডিয়ার ব্যাটাররা এই ম্যাচে জয়লাভ করেছে। একবারও তারা এই রানটা তাড়া করার জন্য তাড়াহুড়ো করেনি।
শুরুতেই ভারত জোড়া উইকেট হারিয়ে কিছুটা ব্য়াকফুটে চলে এসেছিল। কিন্তু, তারপর বিরাট কোহলি পরিস্থিতি সামাল দিলেন। রান তাড়া করার সময় যে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল।
এই ম্যাচে কিং কোহলি প্রথমে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৯১ রানের একটা পার্টনারশিপ গড়ে তোলেন। তারপর অক্ষর প্যাটেল এবং কেএল রাহুলের সঙ্গে। অবশেষে ৮৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। বাকি কাজটা পূরণ করলেন হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুল। ১১ বল বাকি থাকতেই ভারত ৪ উইকেটে ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলল।