
বাংলার দুই কোচ রঞ্জন চৌধুরী ও সন্দীপ নন্দী।
শেষ আপডেট: 24 April 2024 19:40
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় অনূর্ধ্ব ১৯ দলের কোচ নিযুক্ত হলেন রঞ্জন চৌধুরী। বাংলা থেকে বহুদিন পরে ভারতীয় দলের কোচ হলেন কোনও প্রাক্তন ফুটবলার। শুধু রঞ্জন নন, পাশাপাশি ওই দলের গোলরক্ষক কোচ হলেন নামী তারকা সন্দীপ নন্দী। বুধবার ফেডারেশন সূত্রে এ খবর জানিয়ে দেওয়া হয়েছে।
রঞ্জন কলকাতা ময়দানের চেনা মুখ। তিনি কলকাতার তিন প্রধান দলেই একটা সময় দাপটে খেলেছেন। তিনি দু’প্রধানের সহকারী কোচও ছিলেন। কিবু ভিকুনার নেতৃত্বে মোহনবাগানের যে দল আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিল, তিনি সেই দলের ডেপুটি ছিলেন। ইস্টবেঙ্গলেও সুভাষ ভৌমিকের সহকারী ছিলেন একটা সময়।
রঞ্জন ময়দানে ভবানীপুর দলেরও কোচ ছিলেন। তিনি বাংলা সন্তোষ ট্রফি দলেরও কোচ হন। এবার আরও বড় দায়িত্বে তিনি। রঞ্জন জানিয়েছেন, এখনও তিনি জানেন না কাদের নিয়ে তাঁকে আগামী দিনে চলতে হবে। তবে আগামী দিনে ফুটবলের সাপ্লাই লাইন তৈরিতে মন দেবেন নামী কোচ।
সন্দীপও আইএসএলে কোচিং করিয়েছেন। তাঁর অভিজ্ঞতাও অনেক। তিনি সেই অভিজ্ঞতা জুনিয়রদের ওপর কাজে লাগাতে চান। তিনিও বলেছেন, এটা আমার কাছেও সমান চ্যালেঞ্জের। ভারতের কোচ হতে পারে ভাল লাগছে। সন্দীপের সাফল্যের মুকুটে বহু পালক রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দেশের হয়ে কিপিং করেছেন। এমনকী আসিয়ানজয়ী ইস্টবেঙ্গলের গোলরক্ষক ছিলেন। বাংলা থেকে দুই কোচ একযোগে কাজ করবেন, এটিও বাংলা ফুটবলের পক্ষে ভাল বিজ্ঞাপন।