
শেষ আপডেট: 28 December 2023 17:09
দ্য ওয়াল ব্যুরো: নির্বাসন কাটিয়ে ফের জিমনাস্টিক্সে ফিরছেন দীপা কর্মকার। তিনি নিষিদ্ধ ওষুধ সেবন করেছিলেন, এই নিয়ে অভিযোগে তাঁকে দু’বছর সাময়িকভাবে নির্বাসন দেওয়া হয়। যদিও পরে দীপা প্রমাণসাপেক্ষে জানিয়েছিলেন, তিনি চোটের কারণে যে ওষুধ সেবন করেছিলেন, সেটি যে নিষিদ্ধ, সেটি তিনি জানতেন না।
এই নিয়ে একটা বোঝাপড়ার অভাব তৈরি হয়। অবশেষে আটবছর পরে ত্রিপুরার এই মেয়েটি নামছেন জাতীয় সিনিয়র জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপে। দীপার কোচ বিশেশ্বর নন্দী সংবাদসংস্থাকে এই খবর জানিয়ে বলেছেন, ২০১৫ সালে শেষবার দীপা জাতীয় প্রতিযোগিতায় নেমেছিল। পরের বছরই ২০১৬ সালের রিও অলিম্পিকে দীপা প্রদুনোভা ভল্ট দিয়ে মেগা ইভেন্টে চতুর্থ হন। একটুর জন্য পদক মিস হলেও দীপা রাতারাতি হয়ে যান কোটিপতি।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২-৪ জানুয়ারি হবে জাতীয় জিমনাস্টিক্স। দীপাসহ এই মিটে নামবেন বাংলার প্রণতি নায়েক, এমনকী যোগেশ্বর সিং, রাকেশ পাত্রদের মতো নামীরাও অংশ নেবেন বলে জানা গিয়েছে।
দীপা যে আগামী প্যারিস অলিম্পিক্সে ছাড়পত্র পাবেন, সেই বিষয়েও জানিয়েছেন ৩০ বছরের নামী তারকা। কোচের বক্তব্য, দীপার হাঁটুর চোট খুবই ভুগিয়েছে। আমার ছাত্রী অনেকটাই ফিট। দু’বেলা প্রস্তুতির মাধ্যমে ছন্দে ফিরে আসার চেষ্টা করছে।
এশিয়ান গেমসের ট্রায়ালেও ভাল ফল করেছিলেন দীপা। কিন্তু এশিয়ান গেমসের যোগ্যতামান পেরতে না পারার কারণে তিনি চিনে যেতে পারেননি। এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক।