
ইউরো কাপের দায়িত্বে জার্মানি।
শেষ আপডেট: 14 June 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সময়ে রাত সাড়ে বারোটায় শুরু ইউরো কাপ। টানা একমাস ধরে রাত জাগবে বাংলার ফুটবল প্রেমী মানুষ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে আয়োজক জার্মানি। মোট ২৪ দলের এই মেগা টুর্নামেন্টে কী নিয়মে খেলা হবে, কোথায় থাকবে নতুনত্ব, সবগুলি তুলে ধরা হল।
এবার ইউরোর আয়োজক দেশ জার্মানি। এখানে প্রথমবার ১৯৮৮ সালে ইউরো কাপ হয়েছিল, সেবার ঘরের দলকে হারিয়ে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হয়েছিল। নিজেদের দেশে এর আগে ১৯৭৪ ও ২০০৬ সালের বিশ্বকাপ খেলেছিল জার্মানি। প্রথমটিতে সেমিফাইনালে খেলেছিল তারা, দ্বিতীয়বার ফাইনালে ওঠে।
গত বছরের শেষদিক অবধি তাদের নিয়ে আশা ছিল না খুব একটা। জার্মানির প্রথম কোচ হিসেবে বরখাস্ত হয়েছিলেন হ্যান্সি ফ্লিক। তবে হুলিয়ান নাগালসমেন দায়িত্ব নিয়ে আবারও আশা জাগিয়েছেন তাদের।
ঘরের দল হিসেবে বাছাই পর্ব খেলতে হয়নি জার্মানিকে। বাকি ২৩ দলের ২০টি বাছাই পর্বে নিজেদের অবস্থান থেকে ও তিন দল পরে প্লে অফ খেলে জায়গা করে নিয়েছে। এবারই প্রথমবারের মতো ইউরো খেলবে জর্জিয়া।
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও ইংল্যান্ড
গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স
গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও ইউক্রেন
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল ও চেক সাধারণতন্ত্র
১৪ জুন আজ শুক্রবার রাতে শুরু হচ্ছে ইউরো। ১৪ থেকে ২৬ জুন পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এরপর ২৯ থেকে ২ জুলাই পর্যন্ত হবে রাউন্ড অব সিক্সটিনের খেলা। ৫ ও ৬ জুলাই কোয়ার্টার ফাইনাল এবং ৯ ও ১০ জুলাই হবে সেমিফাইনাল। ফাইনাল ম্যাচটি হবে মিউনিখে ১৪ জুলাই।
২৪টি দলকে ভাগ করা হয়েছে ছয়টি গ্রুপে। প্রতি গ্রুপে থাকা চার দলের মধ্যে শীর্ষে থাকা দুটি দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। এর সঙ্গে তিন নম্বরে থাকা ছয় দলের মধ্যে এগিয়ে থাকা চারটি খেলবে এই পর্বে। শেষ ষোলো থেকে সেরা আট, এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
ঘরের দল জার্মানি তো অবশ্যই ফেভারিট। নাগালসম্যানের অধীনে নিজেদের ফিরে পেয়েছে তারা। এর সঙ্গে ইংল্যান্ড অনেক বছর ধরেই খেতাবের জন্য মরিয়া। বড় ফেভারিটদের তালিকায় নিশ্চিতভাবেই থাকবে গত বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্রান্স। এর সঙ্গে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, স্পেন ও পর্তুগালও থাকবে দৌড়ে।
১০টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। এর মধ্যে ৯টিতেই ২০০৬ সালের বিশ্বকাপ হয়েছে। বার্লিন, কোলোজনে, ডর্টমুন্ড, ডুসেলডুর্ফ, ফ্রাঙ্কফুর্ট, গেলেসনকিরহেন, হামবুর্গ, লাইপজিগ, স্টুটগার্ট ও মিউনিখের মতো শহরে হবে ম্যাচগুলো।
২৪ দলকে ৩৩১ মিলিয়ন ইউরো পুরস্কারমূল্য দেওয়ার কথা ঘোষণা করেছে ইউরো। এর মধ্যে চ্যাম্পিয়ন হলে সর্বোচ্চ ২৮ মিলিয়ন ইউরো পাবে কোনও দল।
ইউরো কাপ ভারতে দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সোনি টু, সোনি থ্রি, সোনি স্পোর্টস টেন (এইচডি), সোনি স্পোর্টস চ্যানেলের সবেতেই দেখা যাবে।