
শেষ আপডেট: 19 January 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: এটা এমন একটা ম্যাচ, যা বাঙালির রক্তে ঢুকে গেছে। বাঙালির কাছে চিরন্তন আবেগের ম্যাচ। এই খেলা রাতারাতি নায়ক বানিয়ে দেয় ফুটবলারকে, আবার ভিলেনও।
প্রতিষ্ঠার ম্যাচ বলা হয় মোহনবাগান-ইস্টবেঙ্গলকে। আগে কী হয়েছে, এই ম্যাচে তার কোনও হিসেব কাজ করে না। বরং নতুন ভোর, নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামেন ফুটবলাররা, আর স্বপ্ন দেখেন সমর্থকরাও।
মাঠে থেকে গ্যালারিতে বসে খেলা দেখা এক বিষয়, সেখানে শব্দব্রক্ষ্ম কাজ করে থাকে। আর যাঁরা টিভিতে বসে এই ম্যাচের উত্তাপ নেবেন, তাঁরাও সমান টেনশনে থাকেন।
শুক্রবার সুপার কাপে কলিঙ্গ যুদ্ধে নামছেন হাবাস ও কুয়াদ্রাতের ছেলেরা। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। এই ম্যাচটি দেখা যাবে মোবাইলে জিও সিনেমা অ্যাপে। আর টিভিতে দেখা যাবে সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।
এই ম্যাচে লাল হলুদ দল এগিয়ে থেকে নামবে। তারা ছন্দে রয়েছে, গোলের দিক থেকেও এগিয়ে। ড্র করলেও সেমিতে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে জিততেই হবে। তাদের কাছে আর কোনও বিকল্প নেই। হাবাসের দলে মোট ৮জন তারকা নেই, সাতজন তার মধ্যে এশিয়ান কাপে ভারতীয় দলে। বাকি আশিক কুরিয়ানের চোট রয়েছে।
ইস্টবেঙ্গলে দারুণ মেজাজে রয়েছেন নন্দকুমার, সিভেরিও, ক্লেটন সিলভারা। স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের বিশ্বাস, ছেলেরা জিতেই সুপার কাপের সেমিতে পৌঁছবে। খেলা শেষেই বোঝা যাবে মর্যাদার লড়াইয়ে কে শেষ হাসি হাসবে!
সাম্প্রতিককালে দু’বার বড় ম্যাচ হয়েছে, একবার জিতেছে লাল হলুদ দল, আর একবার ডুরান্ডের ফাইনালে হারিয়ে কাপ নিয়েছে মোহনবাগান।