
মিচেল স্টার্কের বদলি হিসেবে মাঠে নামতে পারেন দুস্মন্ত চামিরা।
শেষ আপডেট: 26 April 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: প্লে অফের টিকিট পেতে গেলে আজ শুক্রবার কেকেআরকে জিততেই হবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই ম্যাচটি শাহরুখ খানের দলের কাছে অতি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে দলের প্রথম একাদশ কী হবে, সেই নিয়ে চলছে তুমুল গবেষণা।
কেকেআরের কাছে এই মুহূর্তে বিভীষিকা হয়ে রয়েছে পেসার মিচেল স্টার্কের বোলিং। সাত ম্যাচে মোট ২৮৭ রান দিয়ে দিয়েছেন। কোনও ম্যাচে এমনকিছু করেননি, যাতে মনে হয় তাঁকে ২৫ কোটিতে কিনে ঠিক করেছে নাইট কর্তৃপক্ষ।
স্টার্কের চার ওভার ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে, এই ভেবেই তাঁকে নেওয়া হয়েছিল। নাইটদের মেন্টর গৌতম গম্ভীরের পরামর্শেই কলকাতা দলে নেয় বিশ্বজয়ী পেসারকে। কিন্তু তিনি নিজেকে কার্যকরী প্রমাণ করতে ব্যর্থ হবেন, সেটি টিম ম্যানেজমেন্ট বুঝতে পারেনি।
আজ সেই কারণেই স্টার্ককে বসিয়ে শ্রীলঙ্কার পেসার দুস্মন্ত চামিরাকে ব্যবহার করা হতে পারে। ৩২ বছর বয়সি এই ডানহাতি পেসার নেটে রীতিমতো সমীহ আদায় করে নিয়েছেন রাসেল, নারিনদের মতো বিদেশি ব্যাটারদের। তাঁর বোলিং খেলতে সমস্যা হচ্ছে সতীর্থদের।
এমনকী আইপিএলে এর আগে খেলেননি চামিরা। তাই তাঁর বিষয়ে বাকি দলের কাছে অজানা। সেক্ষেত্রে কোচ ও মেন্টরের গোপন তাস হিসেবে কিংসকে বিব্রত করতে পারে এই তরুণ পেসার। গত দু’দিনের নেটে দেখা গিয়েছে স্টার্ক দলের সঙ্গে অনুশীলন করলেও তিনি বোলিং করেননি। তাঁকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে।
নাইটদের দলে এই মুহূর্তে দরকার একজন বাঁহাতি পেসারকে। সেক্ষেত্রে চেতন শাকারিয়াকে খেলানো হতে পারে সূয়াস শর্মার স্থানে। এছাড়াও কিছু বদল হতে পারে কেকেআর একাদশে।
পাঞ্জাব কিংস দলেও বদল হতে পারে। অধিনায়ক শিখর ধাওয়ান ফিট হননি। তিনি এ ম্যাচেও খেলতে পারবেন না। কিংস তালিকায় রয়েছে নয়ে, আর কেকেআরের স্থান দুইয়ে। আজ জিতে গেলে তাদের প্লে অফ প্রায় নিশ্চিত।