
সোনা জয়ের পথে ভারতের দীপা।
শেষ আপডেট: 27 May 2024 23:47
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে এখনও নিশ্চিত নন দীপা কর্মকার। তিনি যাবেন কিনা ঠিক নেই। তার আগে বড় সাফল্য পেলেন ভারতের এই নামী জিমনাস্ট। প্রথম ভারতীয় হিসেবে তাসখন্দে এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন আগরতলার এই নামী তারকা। যিনি রিও অলিম্পিক্সে জিমনাস্টিক্সে চতুর্থ হয়েছিলেন।
দীপা শুধু এশীয় আসরে সোনাই পাননি, বরং দারুণ স্কোর করেছেন। তাঁর ১৩.৫৬৬ স্কোর বাকিদের টেক্কা দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। তিনি ফাইনাল রাউন্ডে যাঁকে হারিয়েছেন, উত্তর কোরিয়ার কিম সন হ্যাঙ স্কোর করেছেন ১৩.৪৬৬। ব্রোঞ্জ জিতেছেন জো কিয়ং বিয়ল। জয়ের পরে দীপা রীতিমতো হুঙ্কার ছেড়েছেন, ‘‘আমার নামে অনেক বাজে কথা বলা হয়েছে। এই সোনা জিতে সেই অপমানের জ্বালা মেটালাম।’’
এর আগে দীপা এশীয় চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন ২০১৫ সালে। নয় বছরের মাথায় অতীতের পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছেন তিনি। যদিও বছর দুয়েক ধরে নানা বিতর্ক দীপার সঙ্গী ছিল। তিনি ডোপ বিতর্কে ধরা পড়ে নির্বাসনে ছিলেন। চোট তাঁকে কাবু করে দিয়েছিল। তারপর ফিরে এসে চমক দেখালেন।
দীপা ছাড়াও ভারতের আশিস কুমার ফ্লোর ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। বাংলার প্রণতি নায়েক ভল্টে তৃতীয় হয়েছেন।
এই সাফল্য পাওয়ার পরে দীপা আকাশে ভাসছেন। তিনি জানিয়েছেন, ‘‘এই সোনা আমার কাছে বিশেষ সম্মানের, কারণ এর আগে কেউ এই প্রথম হতে পারেননি এশীয় আসরে। তবে আরও ভাল লাগছে, নির্বাসন ও চোট কাটিয়ে যে ফিরে আসতে পেরেছি। আমার নামে বহু সমালোচনা হয়েছে। সেইসময় স্যার বিশ্বেশ্বর নন্দী আমার পাশে ছিলেন। স্যারকে এই সাফল্য উৎসর্গ করতে চাই। এই সোনা আমার জেদ বাড়িয়ে দিল আরও ভাল করার।’’