
শেষ আপডেট: 11 January 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল, ক্রিকেট, টেনিস, হকিতে এর আগে দুই ভাই একসঙ্গে খেলেছেন। এবার ভারতীয় ব্যাডমিন্টন দলেও দুই ভাইয়ের যুগ আসতে চলেছে। লক্ষ্য সেন দেশের অন্যতম সেরা তারকা, এবার তাঁর ভাই চিরাগও ব্যাডমিন্টন দলে সুযোগ পেতে চলেছেন। এটি একটি বিশেষ নজির হতে চলেছে। এই মুহূর্তে দুই ভাই খেলছেন মালয়েশিয়া ওপেন। সেখানেই তাঁরা এই খুশির খবর পেয়েছেন।
ভারতীয় ব্যাডমিন্টন জগতে বিরল ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় সিনিয়র পুরুষ ব্যাডমিন্টন দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন সেন ভাইরা। এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হয়েছেন লক্ষ্য ও চিরাগ সেন। মালয়েশিয়ায় ১৩-১৯ ফেব্রুয়ারি চলবে এশীয় ব্যাডমিন্টনের আসর।
সম্প্রতি জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন চিরাগ সেন। তারপরেই তাঁকে জাতীয় দলের জন্য নির্বাচিত করেছেন। দুই ছেলেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন।
এই নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে লক্ষ্য ও চিরাগের বাবা দিলীপ সেন বলেছেন, ‘আমাদের পরিবারের কাছে এটা একটা গর্বের মুহূর্ত। ওরা দুই ভাই একসঙ্গেই ব্যাডমিন্টন খেলা শুরু করে। লক্ষ্য কিছুটা এগিয়ে গিয়েছিল। তবে চিরাগও সমান প্রতিভাবান। আমি একজন বাবা হিসেবে যতটা খুশি, ততটাই ওদের প্রথম কোচ হিসেবেও।’