
চেসমিট ফাউন্ডেশনের আধিকারিকদের সাংবাদিক বৈঠক। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে।
শেষ আপডেট: 6 August 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো: গত চারবছর ধরে নানা সামাজিক কাজে ব্রতী হয়েছে চেসমিট ফাউন্ডেশন। গতবছর ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিল। এবার আরও এক মহৎ উদ্যোগে সামিল। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। মাইন্ড গেম চেস আকাদেমির সঙ্গে যৌথ উদ্যোগে ও কলকাতা লেক ক্লাবের সহযোগিতায় এক দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে।
১১ আগস্ট কলকাতা লেক ক্লাবে এই প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য তুলে দেওয়া হবে। এই দাবা প্রতিযোগিতায় অপেশাদার খেলোয়াড়রা অংশ নেবেন। একদিকে যেমন খেলবেন কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা, তেমনই অংশ নেবেন অধ্যাপক, সাংবাদিক এবং নানা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অংশ নেবেন কলকাতার কয়েকজন গ্র্যান্ডমাস্টারের বাবা–মায়েরাও। ইতিমধ্যেই প্রায় ৭০ জন অপেশাদার দাবাড়ু প্রতিযোগিতায় খেলার জন্য নাম নথিভূক্ত করেছেন।
চেসমিট ফাউন্ডেশেন ও মাইন্ড গেম চেস আকাদেমির এই মহৎ উদ্যোগে হাজির থাকবেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। চেসমিট ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বান মুখোপাধ্যায় বলেন, ‘‘গতবছর ক্যানসার আক্রান্তদের সাহায্য করা হয়েছিল। এবছর থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকলকে আমাদের এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’’
বিখ্যাত নিউরো সার্জন ডাঃ কৌশিক শীল চেসমিট ফাউন্ডেশেন ও মাইন্ড গেম চেস আকাদেমির এই মহৎ উদ্যোগে সামিল হয়েছেন। তিনি বলেন, ‘‘ডিমেনশিয়া ও অ্যালজাইমার রোগ থেকে মুক্তির জন্য দাবা খেলার অন্যরকম গুরুত্ব রয়েছে। বেশ কয়েকবছর ধরে চেসমিট ফাউন্ডেশেন ও মাইন্ড গেম চেস আকাদেমি এই ব্যাপারে কাজ করে চলেছে। আমরা রোটারির মাধ্যমে প্রত্যন্ত গ্রামের স্কুলে এবং বিভিন্ন আবাসিক স্কুলে দাবা খেলা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি।’