
চেয়ার পোয়েট্রি ইভনিংস।
শেষ আপডেট: 2 December 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম বৃহৎ কবিতা উৎসব হিসেবে স্বীকৃত, কলকাতার 'চেয়ার পোয়েট্রি ইভনিংস' (Chair Poetry Evenings) এবার সপ্তম বছরে পা দিল। ৩০ নভেম্বর কলকাতার ভারতীয় ভাষা পরিষদে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
উৎসবের প্রথম দিনই আয়ারল্যান্ড, আমেরিকা, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস, কাজাখস্তান, মেক্সিকো, যুক্তরাজ্য, ডোমিনিকান প্রজাতন্ত্র, ফিলিপাইনস এবং ভারতের নানা প্রান্ত থেকে অংশগ্রহণকারী মোট ১২টি দেশের কবিরা তাঁদের কবিতা পরিবেশন করেন।
কবিতাগুলি বিভিন্ন ভাষায় আবৃত্তি করা হলেও আয়োজকদের উদ্যোগে সেগুলির ইংরেজি অনুবাদও শ্রোতাদের জন্য তুলে ধরা হয়।
উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন অ্যানেমারি নিয় চুরেইন, ব্রায়ান টার্নার, বাবুষা কোহলি, কারমিয়েন মিচেলস, ইউজেনিয়াস আলিশাঙ্কা, মাইকাস সানচেজ, যশোধরা রায়চৌধুরী এবং শুভ্র বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল, সঙ্গীতের ছোঁয়া। সায়নী পালিত ও আতিফ আলি খান একত্রে গজল ও ঠুমরি পরিবেশন করেন।
এর পরে ১ ডিসেম্বর, দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ‘আলিয়ঁস ফ্রঁসেস দ্যু বেঙ্গল’ এবং ‘স্যামিলটন’ হোটেলের কোল্ড ট্যাভার্নে উৎসব অনুষ্ঠিত হয়। এদিন চেয়ার পোয়েট্রি থেকে কবি যশোধরা রায়চৌধুরীর এবং ইউরি সেরেব্রিয়ানস্কির দুটি নতুন কাব্যগ্রন্থেরও উদ্বোধন করা হয়।

এই উৎসব শুধু কবিতা নয়, সঙ্গীত, সাহিত্য এবং শিল্পের মেলবন্ধনের একটি মঞ্চ, যা কলকাতাকে আন্তর্জাতিক কবিতার মানচিত্রে সুপ্রতিষ্ঠিত করেছে।