এখন চিন যদি কোরিয়াকে হারায় অথবা তিন গোলের কম ব্যবধানে পরাজয় এড়ায়, তাহলে ভারত ২০২৫ সালের মহিলা এশিয়া কাপের ফাইনালে উঠবে।

ভারত বনাম জাপান
শেষ আপডেট: 13 September 2025 19:04
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের এশিয়া কাপ হকির (Women’s Asia Cup Hockey) সুপার ফোরের ম্যাচে জাপানের সঙ্গে (India vs Japan) ১-১ গোলে ড্র করল ভারত। এদিন জিতলে ফাইনালে উঠে যেত ভারত। কিন্তু এক পয়েন্ট আসায় ভারতকে এখন তাকিয়ে থাকতে হবে চিন-দক্ষিণ কোরিয়া ম্যাচের দিকে।
কয়েকদিন আগেই ভারতের পুরুষ দল এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে। তাদের অনুসরণ করে মহিলা দলও ভালই ছুটছিল। কিন্তু সুপার ফোরের ম্যাচে চিনের কাছে ১-৪ গোলে হেরে গিয়ে তাদের পদস্খলন হয়। তারপর এদিন হাংঝুতে মহিলা এশিয়া কাপে জাপানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে ভারত। এখন চিন যদি কোরিয়াকে হারায় অথবা তিন গোলের কম ব্যবধানে পরাজয় এড়ায়, তাহলে ভারত ২০২৫ সালের মহিলা এশিয়া কাপের ফাইনালে উঠবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে ম্যাচের সাত মিনিটেই বিউটি ডাং ডাংয়ের গোলে এগিয়ে যায় ভারত। এরপরও ভারত আক্রমণ অব্যাহত রাখে এবং প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে ম্যাচের প্রথম পেনাল্টি কর্নারটি পায়। তবে গোল করা সম্ভব হয়নি।
দ্বিতীয় কোয়ার্টারে, জাপান সমতা ফেরানোর চেষ্টা করে। জাপানও একটি পেনাল্টি কর্নার পেয়েছিল, কিন্তু তারাও কাজে লাগাতে পারেনি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত। অবশেষে ৫৮ মিনিটে শিহো কোবায়াকাওয়ার গোলে সমতায় ফেরে জাপান। এরপর আর কোনও গোল না হওয়ায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ভারত।