পরপর দুই জয়ের পর গুকেশ গ্র্যান্ড চেজ ট্যুরের অন্তর্গত এই প্রতিযোগিতার র্যাপিড সেকশনের শেষে চতুর্থ স্থানে উঠে এসেছেন।

ডি গুকেশ
শেষ আপডেট: 14 August 2025 16:46
দ্য ওয়াল ব্যুরো: সেন্ট লুইস র্যাপিড এবং ব্লিৎজ দাবায় (St. Louis Rapid and Blitz) বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের (D Gukesh) শুরুটা মোটেও ভাল হয়নি। পরপর তিনদিন প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন। তবে সপ্তম রাউন্ডে যুক্তরাষ্ট্রের লিনিয়ার ডমিনিগুয়েজ পেরেজের কাছে হেরে যাওয়ার পরই স্বমহিমায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার। হারের রেশ কাটিয়ে পরের দুই রাউন্ডে তিনি হারান আমেরিকারই ওয়েসলি সো ও ফ্যাবিয়ানো কারুয়ানাকে (Fabiano Caruana)।
পরপর দুই জয়ের পর গুকেশ গ্র্যান্ড চেজ ট্যুরের অন্তর্গত এই প্রতিযোগিতার র্যাপিড সেকশনের শেষে চতুর্থ স্থানে উঠে এসেছেন। ১,৭৫,০০০ মার্কিন ডলার পুরস্কারের এই টুর্নামেন্টে এখনও ১৮টি ব্লিৎজ গেম বাকি রয়েছে।
গুকেশের কাছে হেরে গেলেও র্যাপিড রাউন্ড শেষে কারুয়ানা ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। এই আমেরিকান গ্র্যান্ডমাস্টারের পরে ১৩ পয়েন্ট নিয় দ্বিতীয় স্থানে আছেন আর্মেনিয়ান-আমেরিকান লেভন অ্যারোনিয়ান। ফ্রান্সের ম্যাক্সিম ভাচিয়ের-লাগ্রাভ ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও ১০ পয়েন্ট নিয়ে গুকেশ রয়েছেন চতুর্থ স্থানে।
ডমিনিগুয়েজের বিপক্ষে গুকেশের শুরুটা অবশ্য ভালই হয়েছিল। কিন্তু মিডল গেমের ফাইনাল স্টেজে এসে তিনি মারাত্মক ভুল করে বসেন। যার সুযোগ নিয়ে গুকেশকে মাত করে দেন মার্কিন দাবাড়ু। তবে ওয়েসলি সোয়ের বিরুদ্ধে আগাগোড়া প্রাধান্য দেখিয়েই জয় ছিনিয়ে নেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।
এদিকে, কারুয়ানা চূড়ান্ত রাউন্ডে (নবম) গুকেশকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। কিন্তু তাঁর শেষ দিকের একটি ভুলের সুযোগ নিয়ে ম্যাচ জিতে নেন গুকেশ। এখন দেখার ব্লিৎজে ভাল খেলে গুকেশ টুর্নামেন্ট জিততে পারেন কি না।