
হাবিবপুর ব্লকে বুথের সামনে বিক্ষোভ।
শেষ আপডেট: 7 May 2024 08:37
দ্য ওয়াল ব্যুরো: ভোট দিতে রাজিই নয় মালদহের হাবিবপুর ব্লক। এলাকার উন্নয়ন না হলে কেউ ভোট দেবেন না বলে ধনুকভাঙা পণ করেছেন গ্রামের মহিলারা। সকাল থেকে বুথের বাইরে অনশনে বসেছেন মহিলারা।
হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথের সামনে এমনই ছবি ধরা পড়েছে। সূত্রের খবর, হাবিবপুরে এর আগেও এলাকার উন্নয়ন দাবি করে বিক্ষোভ হয়েছে। আজ ভোটগ্রহণ শুরু হতেই বুথের বাইরে ভিড় জমিয়েছিলেন লোকজন। এলাকার উন্নয়ন দাবি করে স্লোগান উঠেছিল। তারপরেই বুথের বাইরে ধর্নায় বসেছেন গ্রামের মহিলারা।
হাবিবপুর সেক্টরের ১৩৮১ জন ভোটার ভোট দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছেছেন হাবিবপুর সেক্টর অফিসার। আন্দোলনকারীদের বুঝিয়েও লাভ হয়নি বলে খবর। এলাকায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের সামনে থেকে বিক্ষোভকারীদের ওঠানো যায়নি।
গ্রামবাসীদের দাবি, ভোট আসে, ভোট যায় কিন্তু এলাকার উন্নয়ন হয় না। পাকা রাস্তা, ব্রিজের দাবি অনেকদিন ধরেই করে আসছেন গ্রামের লোকজন। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। প্রতিদিনই নানারকম অসুবিধা ভোগ করতে হয় গ্রামের লোকজনকে। তাই এলাকার উন্নয়ন না হলে বা প্রতিশ্রুতি না পেলে তাঁরা ভোট দেবেন না বলেই দাবি করেছেন।
বস্তুত, দুদিন আগেই মালদহের হবিবপুর থানার আইসি (ইনস্পেক্টর-ইন-চার্জ)-কে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ওই অফিসার ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না। কিছু দিন আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন। তার পর রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার জেরে মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙা থানার দুই ওসিকে সাসপেন্ড করা হয়।