
প্রদীপ গুপ্ত
শেষ আপডেট: 4 June 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নাকি প্রায় ৩৫০ আসন পেয়ে ফিরবে এনডিএ, এককভাবে ম্যাজিক ফিগার ২৭২-এ পৌঁছে যাবে বিজেপি! ১ জুন দেশজুড়ে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের পরে এমনটাই বলেছিল একাধিক বুথফেরত সমীক্ষা। কিন্তু আজ, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই হাওয়ায় উড়ে গিয়েছে প্রায় সমস্ত এক্সিট পোলের দাবি। তার পরেই এক বেসরকারি টিভি চ্যানেলের স্টুডিওতে বসে কেঁদে ফেললেন, সমীক্ষক প্রদীপ গুপ্ত।
মাই অ্যাক্সিস ইন্ডিয়া সংস্থার চেয়ারম্যান প্রদীপ গুপ্তর কথা অনেকেরই মনে আছে। গত লোকসভা নির্বাচনে এক্সিট পোলের ফল মিলিয়ে দেওয়ার আনন্দে, টিভির পর্দায় কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, এবারেও ভোটের ফল প্রকাশের একদিন আগেই তিনি দাবি করেছিলেন, তাঁর সংস্থার ৬৯টি সমীক্ষার মধ্যে ৬৫টিতেই তারা নির্ভুল ছিল। কিন্তু এবারে সেই সমীক্ষা ডাহা ফেল করতেই চোখে জল চলে আসে প্রদীপ গুপ্তর। কেঁদেই ফেলেন তিনি।
শনিবার থেকেই বিভিন্ন সমীক্ষায় দাবি করা হচ্ছিল, গেরুয়াঝড় আছড়ে পড়তে চলেছে। 'মাই অ্যাক্সিস ইন্ডিয়া' সংস্থার তরফে দাবি করা হয়েছিল, দেশে ৩৬১ থেকে ৪০১টি আসন পেতে পারে এনডিএ, অর্থাৎ স্পষ্টতই, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারে বলে জানিয়েছিলেন তাঁরা। শুধু তাই নয় পশ্চিমবঙ্গেও বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে চলেছে বলে দাবি করেছিল মাই অ্যাক্সিস ইন্ডিয়া।
কিন্তু আদতে ভোটের ফলাফল আসতেই দেখা যায়, সমীক্ষার সমস্ত তথ্যই উলটপুরাণ হয়ে গেছে। ৩৫০-ও নয়, এনডিএর আসন থাকছে ৩০০র কাছাকাছি। শুধু তাই নয়, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও হয়তো পাচ্ছে না, তাদের তাকিয়ে থাকতে হবে বাকি জোট শরিকদের দিকেই। বাংলাতেও তৃণমূল প্রায় তিরিশের কাছাকাছি চলে যায়, অন্যদিকে বিজেপি নেমে আসে গতবারের ১৮ আসনের অনেক তলায়। এক্সিট পোলকে দুমড়েমুচড়ে দেওয়া এই ফলাফল সামনে আসার সময়ে টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ গুপ্ত। সমীক্ষার ফল এত ভুল দেখে কেঁদে ফেলেন সংস্থার চেয়ারম্যান। সঞ্চালকরা উঠে এসে তাঁকে সান্ত্বনা দেন।
দেখুন ভিডিও।
Pradeep Gupta crying. ???????? pic.twitter.com/kRRRNv3fsc
— Mohammed Zubair (@zoo_bear) June 4, 2024
সমীক্ষা সংস্থার চেয়ারম্যানের এই কান্নাকাটির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিক্রিয়ার ঝড়ও আছড়ে পড়েছে তার তলায়। এমনিতে প্রায় সব সংস্থাই এক্সিট পোলে বিজেপি এবং এনডিএ-কে এগিয়ে রেখেছিল, কিন্তু প্রদীপ গুপ্তর সংস্থা কিছু বেশিই এগিয়ে রেখেছিল। একমাত্র অ্যাক্সিস সংস্থার এক্সিট পোলেই বিজেপি ৪০০ আসনের সম্ভাবনা রেখেছিল। কিন্তু সেই ফল না মিলতেই, সংস্থার দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি, তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে ইন্ডিয়া জোটের সমর্থকরা।