
শেষ আপডেট: 10 November 2018 18:30

বিরাট-অনুষ্কা (বিরুষ্কা) বেছেছিলেন রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে ইতালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাস্কানির এইবর্গ ফিনোচ্চিয়েতো, যা বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল রিসর্ট। হালে ইতালিরই লেক কোমোতে বহুদিনের বন্ধু আনন্দ পিরামলের সঙ্গে আংটি বদল করেছেন অনীল অম্বানির মেয়ে ঈশা। লেকের পাশেই বিলাসব্যহুল ঝাঁ চকচকে ‘দ্য ভিলা ডি এস্টে’ হয়েছে বাগদানের অনুষ্ঠান। এ বার পালা বলিউডের গ্ল্যামারাস জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের। তাঁদের পছন্দের ডেস্টিনেশনও সেই ইতালি।
নভেম্বর ১৪ ও ১৫, এই দু’দিনের বিয়ের আয়োজন ঘিরে বেশ সরগরম সোশ্যাল মিডিয়া। দম্পতির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সিন্ধি ও কঙ্কনি দুই প্রথা মেনেই হবে বিয়ে। সব্যসাচীর হাতের জাদুতে কোনও তাক লাগিয়ে দেওয়া ট্রাডিশনালে সাজবেন দীপিকা। রণবীরের নতুন ছবি ‘সিমবা’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি। তার আগে নভেম্বর ১৮তে দেশে ফিরেই রিসেপশন পার্টি। বেঙ্গালুরুতে ২১ নভেম্বর ও ১ ডিসেম্বর মুম্বইতে আত্মীয়, বন্ধু, ফিল্ম দুনিয়ার তারকাদের নিয়ে বেশ জমকালো রিসেপশনেরই আয়োজন করেছেন যুগল।

এ তো গেল দীপিকা-রণবীরের বিয়ের খুঁটিনাটি। কিন্তু, যে বিষয়ে মিডিয়া থেকে আমজনতা সবচেয়ে বেশি আগ্রহী তা হল হাই প্রোফাইল জুটির ডেস্টিনেশন ওয়েডিংয়ের ভেন্যু। ‘দীপবীর’-এর ‘জার্নি অব লাভ’ তো সোশ্যাল মিডিয়ার হাত ধরে সবারই কমবেশি জানা। যেটা এখনও আড়ালে রয়েছে সেটা হল বিয়ের জন্য বাছা ইতালির সেই রোম্যান্টিক ‘ওয়েডিং-স্পট’ । এই সেলেব জুটিও ডেস্টিনেশনের জন্য বেছে নিয়েছেন আল্পস পর্বতমালার গা ঘেঁষা নর্দান ইতালির সেই বিখ্যাত ট্যুরিস্ট স্পট লেক কোমো।

উত্তর ইতালির আল্পস পর্বতমালার পাদদেশে বিস্তৃত কোমো হ্রদ। আকাশ ও জল যেন এক সরলরেখায় মিশে গেছে। এই লেকের আকার ইংরাজি ওয়াই-এর মতো। ইতালির তৃতীয় বৃহত্তম এই লেকের আয়তন ১,৩৪৫ ফুট। দেশের তিনটি বড় ব্রদের মধ্যে লেক কোমোতেই পর্যটকের ভিড় সবচেয়ে বেশি। তার কারণ এর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এবং লেককে ঘিরে গড়ে ওঠা সুরম্য সব প্রাসাদ। সুইৎজারল্যান্ডের সীমানায় লোম্বার্ডি শহরের কাছে এই হ্রদকে প্রকৃতি যেন সাজিয়ে তুলেছে নিজের মতো করে।
‘দীপবীর’-এর বিয়ের আসর বসছে লেক কোমোরই লেক্কো দ্বীপে। দ্বীপের মাঝে প্রাসাদের মতো রিসর্ট, ‘ভিলা দেল বলবিয়েনেল্লো’ । মূলত নৌকা চেপেই লেকের মাঝে রিসর্টটিতে পৌঁছতে হয়। অভাববনীয় স্থাপত্যশৈলীর সঙ্গে নৈসর্গিক দৃশ্যের এক আশ্চর্য মেলবন্ধন। অনেকটা রূপকথার গল্পের মতোই। পাহাড় পেরিয়েও আসা যায় রিসর্টে, তবে সেই পথ অনেক চড়াই-উৎরাই। নৌকায় ভেসে আসাটাই অনেক সহজ পদ্ধতি। দীপিকা-রণবীরের নিমন্ত্রিত অতিথিরাও সে ভাবেই আসবেন রিসর্টে।
কেমন সেই ‘ভিলা দেল বলবিয়েনেল্লো’ রিসর্ট? রিসর্ট না হলে প্রাসাদ বলাই ভাল‘ভিলা দেল বলবিয়েনেল্লো’ সুন্দর কারুকার্য, চোখ ধাঁধাঁনো আসবাবপত্র, সব মিলিয়ে এই ভিলার পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া।

ভিলার জায়গায় আগে ছিল একটা মনাস্ট্রি। ১৭৮৫ সালে সেই সম্পত্তি কিনে নেন অ্যাঞ্জেলো মারিয়া দুরিনি। ১৭৮৭ সালে সেখানে ভিলাটি তৈরি করেন তিনি। মডার্ন ইউরোপিয়ান স্থাপত্যের ছাপ রয়েছে ভিলায়। ১৭৯৬ সালে অ্যাঞ্জেলোর মৃত্যুর পর ভিলার সত্ত্বাধিকার পান তাঁর আত্মীয় লুইগি পোরহো ল্যামবারটেনঘি। এর পর অনেকবারই এই ভিলা হাত বদল হয়েছে। ১৯৭৪ সালে ব্যবসায়ী গুইডো মনজিনো ভিলাটি কিনে নেন। বাইরের স্থাপত্যের পরিবর্তন না করে তিনি অন্দরসজ্জায় প্রভূত বদল আনেন। জর্জিয়া, ফ্রান্স থেকে ভিনটেজ আসবাবে ভরে ওঠে ভিলার অন্দরমহল।
২৫টি ঘর রয়েছে ভিলার অন্দরে। ভিনটেস আসবাবপত্র দিয়ে সাজানো ভিলার অন্দর। ছুটি কাটাতে বা শ্যুটিং সারতে হলিউড অভিনেতারা প্রায়ই ঢুঁ মারেন এখানে। হলিউড ছবি জেমস বন্ডের ক্যাসিনো রয়্যাল শ্যুট হয়েছে এখানে। স্টার ওয়ার্সের দ্বিতীয় এপিসোডের ব্যাকগ্রাউন্ডে শোভা বাড়িয়েছে লেক কোমোর ‘ভিলা দেল বলবিয়েনেল্লো’ ।
সবই তো হল, তবে রাজকীয় এই ভিলায় রাজকীয় মেজাজেই বিয়ে সারতে হলে খরচ যে একটু বেশিই পড়বে সেটা বলাই বাহুল্য। ভিলার অন্দরে ৫০ জন নিমন্ত্রিতদের আপ্যায়ণ করতে হলে খরচ হবে প্রায় ২০০০ ইউরো (ভারতীয় টাকায় ১,৬৪,৩৪৮ টাকা)। নিমন্ত্রিতের সংখ্যা তার বেশি হলে অর্থাৎ বেশ বড়সড় পার্টির আয়োজন করলে খরচ হবে ৩০০০ থেকে ৪০০০ ইউরো। কী ভাবছেন? আপনার পছন্দের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধতে লেক কোমোতে পাড়ি দেবেন নাকি?