
শেষ আপডেট: 27 January 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: গত চারমাস ধরে যুদ্ধ চলছে হামাস এবং ইজরায়েলের মধ্যে। নিহতদের মধ্যে ৭০ ভাগ মহিলা এবং শিশু বলে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।
এরপরই গত বৃহস্পতিবার হামাসের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যোগসাজশ নিয়ে প্রশ্ন তোলে ইজরায়েলি বাহিনী। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে রাষ্ট্রসংঘেও অভিযোগ জানান ইজরায়েলের রাষ্ট্রদূত। এবার পাল্টা জবাব দিল হু।
ইজরায়েলের আনা অভিযোগ উড়িয়ে এক্স হ্যান্ডেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, "ইজরায়েলের অভিযোগ ঠিক নয়। হু এই ধরনের কোনও কার্যকলাপের সঙ্গে যুক্ত নই। হু মানুষের স্বাস্থ্য ও কল্যাণে কাজ করে।"
একই সঙ্গে ইজরায়েলের আনা অভিযোগ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে তাঁর আশঙ্কা, "এই ধরনের মিথ্যে অভিযোগ বিপদজনক। কারণ , আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা অনেক ঝুকির মধ্যে কাজ করে। এই ধরনের মিথ্যে অভিযোগের জেরে তাদের জীবন বিপন্ন হতে পারে।"
সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে হেলথ এজেন্সি’স বোর্ডের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা্র বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার অভিযোগ আনে ইজরায়েল। ইজরায়েলের রাষ্ট্রদূত মেইরাভ ইলন শাহার অভিযোগ, “গাজার হাসপাতালগুলিকে সামরিক কার্যকলাপের জন্য হামাস ব্যবহার করছে। সেই প্রমাণ বারবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিলেও তারা কোনও পদক্ষেপ করছে না। এর থেকেই প্রমাণিত হয় হামাসের সঙ্গে হুয়ের যোগসাজশ রয়েছে।"
সোশ্যাল মাধ্যমে তারই জবাব দিয়েছেন হু প্রধান। এ ব্যাপারে রাষ্ট্রসংঘেরও দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।