
শেষ আপডেট: 18 December 2023 20:06
দ্য ওয়াল ব্যুরো: বিষ প্রয়োগের কারণে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর গুজবের মাঝেই গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। সেই ক্লিপ আদতে 'ওয়ান্টেড' ডন দাউদ এবং তার এক সহযোগীর মধ্যে ফোনে কথোপকথনের অংশ। দাউদ যে পাকিস্তানে করাচিতে কী বিলাসবহুল জীবনযাপন করত তার বিবরণ উঠে এসেছে সেই ফোন কলে। যদিও অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
ভাইরাল অডিওতে সহযোগী ফারুকের সঙ্গে কথা বলতেন শোনা গেছে কুখ্যাত গ্যাংস্টারকে। সেখানে ফারুককে দুবাইয়ের জেদ্দা থেকে বিখ্যাত ডিজাইনার ব্র্যান্ড লুই ভিতোঁর জুতো কিনে এনে দেওয়ার কথা বলছেন দাউদ। ফারুক শুরুতেই বসকে অভিবাদন জানিয়ে বলে, "আমি প্রতিটি নামাজে, প্রতিটি অনুষ্ঠানে আপনার জন্য প্রার্থনা করি।"
এরপর ফারুককে পাকিস্তানে দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথা বলতে শোনা যায়। "আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ার পর আমি মক্কার উদ্দেশে রওনা হব, ওমরাহ পালন করব এবং তারপর পাকিস্তানে আপনাদের কাছে আসছি," জানায় ফারুক। সে আরও জানতে চায়, কিছু নিয়ে যেতে হবে কিনা। "ওখান থেকে কিছু আন্তে হবে কি? তাহলে আমাকে বলুন," বলে সে। জবাবে দাউদ ইব্রাহিম পাল্টা প্রশ্ন করে, "তুমি কি জেদ্দায় যাবে? ওই দোকানটার কথা কি মনে আছে যেখানে আমরা জুতো কিনতাম?"
ফারুক উত্তর দেয়, "দোকানটা বন্ধ। কিন্তু আমি অন্য দোকান থেকে লুই ভিতোঁর জুতো নিয়ে আসব।" এরপরেই জুতোর মাপ জানিয়ে দেয় দাউদ, "ঠিক আছে আমার সাইজ ৪২, বা ৯ নম্বর।" এরপরে জুতোর মাপের ইউকে এবং ইইউ সাইজের পার্থক্য ব্যাখ্যা করে ফারুককে বুঝিয়ে দেয় সে।"
অডিও ক্লিপটি কবেকার, তা এখনও স্পষ্ট নয়।
গতকাল অর্থাৎ ১৭ ডিসেম্বর রাত থেকেই পাকিস্তানে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে খবর রটে যায়। এমনকী, তার হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর খবরও আগুনের মতো ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তবে এই সমস্ত রটনার বিষয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বরং, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দাউদ সুস্থই রয়েছে, বিষক্রিয়ার খবরও সত্যি নয়। এমনকী, তার অসুস্থতার জল্পনার মধ্যেই পাকিস্তানে ইন্টারনেট বন্ধ হওয়ার যে খবর ছড়িয়ে পড়েছিল, সেটাও সত্যি নয় বলেই জানা গেছে।