
শেষ আপডেট: 10 January 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: তিনি কেবল তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উজ্জ্বল নামই নয়, বিভিন্ন বিষয়ে তাঁর আগ্রহ বরাবর চোখে পড়েছে। কখনও মডেলিং, আবার কখনও মার্শাল আর্ট- সবেতেই নজর কেড়েছেন মার্ক জুকারবার্গ। তাই তো মেটা, ফেসবুক, ইনস্টাগ্রামের কর্ণধারকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। আর এবার এক অন্য ধরনের কাজে মন দিয়েছেন তিনি। গরুদের লালন পালন করতে শুরু করেছেন জুকারবার্গ। যার জন্য তিনি নিয়মিত গরুদের ড্রাই ফ্রুট এবং বিয়ার খাওয়াচ্ছেন ।
কিন্তু কেনই বা এমন আদর যত্ন করে গরু লালন পালন করছেন জুকারবার্গ? আসলে প্রযুক্তি জগতের অন্যতম এই নক্ষত্র পৃথিবীর সবচেয়ে ভালো গোমাংসের স্বাদ চান। যার জন্য তিনি এমন বিলাসবহুলভাবে খামার করছেন। বুধবার নিজের ইনস্টাগ্রামে মার্ক তাঁর এই নতুন শখের বিষয়ে জানিয়েছেন।
ইতিমধ্যে হাওয়াই দ্বীপের কাউয়াই এলাকার প্রায় অর্ধেকটা অংশের মালিকানা নিয়েছেন জুকারবার্গ। আর সেখানেই গড়ে তুলেছেন তাঁর সাধের খামার। উন্নত মানের গরুর মাংস পেতে ওই খামারে ওয়াগিউ এবং অ্যাঙ্গাস প্রজাতির গরু রেখেছেন তিনি।
শুধুমাত্র উন্নত পদ্ধতিতে গরু পালন করাই নয়, পৃথিবীর সবচেয়ে ভালো গোমাংস তৈরি করাও জুকারবার্গের উদ্দেশ্য। তাই প্রতিদিন খামারের গরুদের ভালো মানের খাবারও খাওয়ানো হচ্ছে। মার্ক জানিয়েছেন, প্রতি গরু এক বছরে প্রায় ৫ থেকে ১০ হাজার পাউন্ড খাবার খায়। এর জন্য কয়েকশো একর জুড়ে ম্যাকাডেমিয়া গাছ লাগানো হয়েছে। সমস্ত কাজে মেয়েও তাঁকে সাহায্য করেন বলে জানিয়েছেন জুকারবার্গ।
সোশ্যাল মিডিয়ার আর পাঁচটা বিষয়ের মতো এক্ষেত্রেও কটাক্ষ পিছু ছাড়েনি। অনেক 'ভেগান'রা ফেসবুকের কর্ণধারকে 'ভন্ড' বলেও অ্যাখ্যা দিয়েছেন। নেটনাগরিকদের একাংশের অভিমত, একদিকে যেমন তিনি তাঁর গবাদি পশুর যত্ন নেওয়ার দাবি করছেন, আবার অন্য দিকে তাদেরকেই খাবার টেবিলে নিয়ে আসার ভাবনা রয়েছে! তাই এখানে গরুদের যত্ন নেওয়ার কথা আসছে কোথা থেকে? ইনস্টাগ্রামের একটি পোস্টে এই গোটা প্রক্রিয়াকে অর্থ, জমি ও সম্পদের হাস্যকর অপচয় বলে মন্তব্য করা হয়েছে।