
শেষ আপডেট: 21 January 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ মুহুজ্জু নতুন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে মলদ্বীপের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে সম্প্রতি তুমুল বিতর্ক হয়। এবার মুহুজ্জুর ভারত বিরোধিতার কারণে প্রাণ খোয়ালো এক কিশোর। ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল প়ড়েছে সে দেশেই।
জানা গেছে, ১৪ বছর বয়সী ওই কিশোর ভীষণ অসুস্থ ছিল। ব্রেন টিউমারের কারণে তার স্ট্রোক হয়। ওই কিশোরের বাবা-মা দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্স চেয়ে মলদ্বীপের ‘আসান্ধা কোম্পানি লিমিটেডের’ কাছে আবেদন জানায়। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা পাওয়ার আশায় ছিল তারা।
কিন্তু পরিবারের অভিযোগ, বারবার ফোন করলেও ১৬ ঘন্টার আগে কোনও প্রতিক্রিয়া পাননি তারা। তারপর উত্তর আসার পর মালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ওই কিশোরকে। এরপরই হাসপাতালের সামনে স্থানীয়রা পরিবারের সঙ্গে মিলে বিক্ষোভ দেখান বলে জানা যায়।
আসলে বিষয় হল, ভারতের দেওয়া ডরনিয়ার বিমান মালদ্বীপের ৯০ শতাংশ উদ্ধার কাজে ব্যবহার করা হয়। এক্ষেত্রেও ওই বিমানের পরিষেবা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জানা গেছে, ডরনিয়ার বিমানটি তৈরি করে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল। দাবি, এই কারণেই তা ব্যবহারে অনুমতি দেননি দেশের প্রেসিডেন্ট।