
বিশাল দাদলানি
শেষ আপডেট: 14 February 2025 15:41
দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানি গুরুতর আহত হয়েছেন এক দুর্ঘটনায়। ফলে তাঁর নির্ধারিত কনসার্ট স্থগিত রাখতে হয়েছে। বিশাল নিজেই এই খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রিয় শিল্পীর এই খবর শুনে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা, সকলেই দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
বিশালের দুর্ঘটনা কখন এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ইনস্টাগ্রাম স্টোরিতে বিশাল লেখেন, 'একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। আমি দ্রুত সুস্থ হয়ে ফিরব। পুনেতে শীঘ্রই দেখা হবে।'
View this post on Instagram
বিশাল-শেখরের কনসার্ট বাতিলের কথা আয়োজকরা নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, 'বিশাল ও শেখরের বহু প্রতীক্ষিত শো ২ মার্চ ২০২৫-এ হচ্ছে না। বিশাল দাদলানির দুর্ঘটনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
টিকিটের টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়েছে। কনসার্ট বাতিলের কারণে আয়োজকরা দুঃখপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন, শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে। যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশালের সুস্থ হয়ে ফিরে আসার জন্য। তাঁর দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও অজানা থাকলেও, সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।