দাদা সইফ আলি খানের শৈশবের দুষ্টুমি ও ছোটবেলার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সোহা আলি খান। জানালেন, কেন তাঁকে দাদার ঘরে ঘুমোতে দেওয়া হত না।

সইফ আলি খান ও সোহা আলি খান
শেষ আপডেট: 18 September 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় ভাই-বোন জুটি সইফ আলি খান ও সোহা আলি খানের বয়সের ব্যবধান নয় বছর। তাই ছোটবেলায় একসঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাননি সোহা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধন আরও গভীর হয়েছে।
সম্প্রতি ম্যাশাবেল ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে নিজের শৈশব ও ভাই সইফের নানা স্মৃতি শেয়ার করেন সোহা। তিনি জানান, ছোটবেলায় সইফ ছিলেন ভীষণ দুষ্টু। এতটাই যে বাবা-মা— মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুর— তাঁকে ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমোতে দিতেন না।
সোহা বলেন, “আমি জন্মানোর পরই দাদা বিদেশে পড়তে চলে যায়। পরে সিনেমায় ব্যস্ত হয়ে যায়। আমিও অক্সফোর্ডে পড়াশোনায় মন দিই। মুম্বইতে ফিরে আসার পর থেকেই আমাদের মধ্যে আসল বন্ধুত্ব তৈরি হয়।”
সইফের শৈশবের কাণ্ডকারখানার কথাও তুলে ধরেন তিনি। “সে খুব দুষ্টু ছিল। বাবা-মা বারবার বলতেন, ওর মতো কিছু কোরো না। আমি যে ঘরে থাকতাম, সেটা দাদার ঘর ছিল। কিন্তু ও এলে আমাকে সরিয়ে দেওয়া হত, কারণ প্রায়ই সে রাতে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যেত আর দেরি করে ফিরত।”
শুধু তাই নয়, সোহা আরও বলেন, “দাদা যখন বাড়ি ফিরত, পুরো পরিবেশ বদলে যেত। কখনো লাল চুল, কখনো ব্লন্ড, কখনো লম্বা চুল নিয়ে হাজির হত। বোন সাবা আলি খান সব সময় ওর আসার জন্য অপেক্ষা করত।”