
শেষ আপডেট: 15 February 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো: 'জওয়ান' তাঁর প্রথম সিনেমা। প্রথম ছবিতেই পাশে শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পায় 'জওয়ান'। তারপরেই সরাসরি আলোর বৃত্তে চলে আসেন সঞ্জিতা ভট্টাচার্য।
বার্কলে কলেজ অফ মিউজিক-এ সঙ্গীত নিয়ে পড়াশোনা। ইতিমধ্যেই তাঁর বেশ কয়েকটি গানও রিলিজ করেছে। কয়েক বছর আগে বার্কলের তরফে এআর রহমানকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছিল। সেই গানের দলেও ছিলেন সঞ্জিতা।
কেরিয়ারের শুরুটা বলিউড দিয়ে হলেও এ বার বাংলা সিনেমায় অভিষেক হতে চলেছে তাঁর পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর হাত ধরে। তাঁর নতুন ছবি ‘আবার বছর কুড়ি পরে’ দেখা যাবে সঞ্জিতাকে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। এ ছাড়াও ছবির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী এবং সৌরভ দাস। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে শুটিং। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুটিং চলবে।
View this post on Instagram
জন্মসূত্রে সঞ্জিতা বাঙালি। তবে কলকাতায় তাঁর বেড়ে ওঠা নয়। তিনি বড় হয়েছেন দিল্লিতে। কলকাতায় না থাকলেও বাঙালি রীতিনীতি, সংস্কৃতির সঙ্গে পরিচয় আছে তাঁর। ‘জওয়ান’-এর আগে তিনি ‘ফিলস লাইক ইশক’, ‘দ্য ব্রোকেন নিউজ’ সিরিজে অভিনয় করেছেন।
তবে বলিউডে কাজ করলেও বাংলা ছবিতে অভিনয় করার ইচ্ছা ছিল বরাবর। কাজের প্রয়োজন হিন্দি বলতে হলেও, বা়ড়িতে বাবা-মায়ের সঙ্গে নাকি বাংলাতেই কথা বলেন অভিনেত্রী। বলেন, 'আমি প্রবাসী বাঙালি হলেও আমাকে মা-বাবা সবসময় বাংলার কাছে রেখেছিল।'
বাংলা ছবি ছাড়াও ওঁকে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে একটি সিনেমায়, নাম 'অদ্ভুত'। এছাড়াও 'দ্য ব্রোকেন নিউজ'-এর সিজন ২-তেও তাঁর দেখা মিলবে।