
শেষ আপডেট: 3 May 2023 17:37
দ্য ওয়াল ব্যুরো: 'জওয়ান'-এর মুক্তি কবে? এই প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া। কিন্তু বিষয়টি নিয়ে মুখ কুলুপ এঁটেছেন ছবির প্রধান অভিনেতা তথা প্রযোজক শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান'-এর সময় আলাদা করে তেমন কোনও প্রচার করেননি। 'জওয়ান' (Jawan)-এর ক্ষেত্রেও কি সেটাই করবেন? এমনই প্রশ্ন করছেন শাহরুখ ভক্তরা।
গতবছর যখন ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল, তখন জানা গিয়েছিল যে ২০২৩ সালের ২ জুন মুক্তি (release date) পাবে 'জওয়ান'। কিন্তু এবছর মার্চ থেকে হঠাৎই খবর ছড়ায় যে মুক্তির দিন পিছিয়ে যাচ্ছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এখন শোনা যাচ্ছে, ২ তারিখের পরিবর্তে জুন মাসের ২৯ তারিখ মুক্তি পেতে পারে বাদশার প্রথম প্যান ইন্ডিয়া ছবি।
এদিকে ২৯ জুন ছবি মুক্তি পেলে অন্যান্য ছবির মুক্তির ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ আগামী মাসেই মুক্তি পাবে প্রভাসের 'আদিপুরুষ', অজয় দেবগণের 'ময়দান'। এরপর আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা। তাই শাহরুখের ছবি মুক্তির দিন পিছিয়ে গেলে অন্যান্য ছবির প্রযোজকদের কপালেও চিন্তার ভাঁজ চওড়া হবে।
শাহরুখকে সামনে পেয়ে সেলফি তোলার ধুম! ধাক্কা মেরে সরিয়ে দিলেন অভিনেতা, দেখুন ভিডিও