বলিউডের রোমান্স জগতে আবারও ঝড় তুলেছেন পরিচালক মোহিত সুরী। ‘আশিকি ২’-এর মতো ছবির মাধ্যমে হৃদয়ছোঁয়ার পর এবার তিনি নিয়ে এসেছেন নতুন ছবি ‘সাইয়ারা’, আর এই ছবি যেন প্রেম আর বিচ্ছেদের এক কাব্যিক চিত্রণ।

বড়পর্দায় অভিষেক হয়েছে দুই নতুন মুখের— আহান পান্ডে ও অনীত পাড্ডা।
শেষ আপডেট: 21 July 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের রোমান্স জগতে আবারও ঝড় তুলেছেন পরিচালক মোহিত সুরী। ‘আশিকি ২’-এর মতো ছবির মাধ্যমে হৃদয়ছোঁয়ার পর এবার তিনি নিয়ে এসেছেন নতুন ছবি ‘সাইয়ারা’, আর এই ছবি যেন প্রেম আর বিচ্ছেদের এক কাব্যিক চিত্রণ। বড়পর্দায় অভিষেক হয়েছে দুই নতুন মুখের— আহান পান্ডে ও অনীত পাড্ডা। তাঁদের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ গোটা দর্শকমহল।
ছবি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে যেন এক অনির্বচনীয় উন্মাদনা। এমনই এক নজির গড়লেন এক তরুণ দর্শক, ফয়জল, যিনি নিজের অসুস্থতা সত্ত্বেও ছবিটি দেখতে থিয়েটারে পৌঁছে যান—তাও আবার হাতে আইভি ড্রিপ নিয়ে! ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, থিয়েটারে বসে ছবি দেখছেন তিনি, পাশে তাঁর বন্ধু। পর্দার দৃশ্য দেখে আবেগে ভাসতেও দেখা যায় তাঁকে।
এই ভিডিও সামনে আসতেই ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ভাই অসুস্থ, আল্লাহকে মনে করো, সাইয়ারা দেখে কিছু হবে না’, আবার কেউ কেউ ফয়জলের ‘ডেডিকেশন’-এ অবাক। একজন লিখেছেন, ‘এটাকে বলে সিনেমার প্রতি প্রেম! হাসপাতাল ছেড়ে ছবি দেখতে চলে এসেছে!’
‘সাইয়ারা’-র এই অকল্পনীয় জনপ্রিয়তা প্রমাণ করে দিল—যে একটা ভাল গল্প আর আবেগময় উপস্থাপনা ঠিক কতটা প্রভাব ফেলতে পারে দর্শকদের মনে। কোনও বড় প্রচার ছাড়াই শুধু গল্প আর অভিনয়ে ভরসা করেই ছবিটি ইতিমধ্যেই ঘরে তুলে নিয়েছে ৮৩ কোটি টাকা, মুক্তির মাত্র তিন দিনের মাথায়!
রবিবারেই ছবিটি দেশের বক্স অফিসে আয় করেছে ৩৭ কোটি টাকারও বেশি। এমন গতিতে চলতে থাকলে, ১০০ কোটির ক্লাবে ঢুকতে আর দেরি নেই। সবার মুখে এখন একটাই কথা—‘সাইয়ারা দেখেছো?’ আর যাঁরা দেখেননি, তাঁরা থিয়েটারের টিকিট কাটার প্রস্তুতি নিচ্ছেন। মোহিত সুরীর এই সংবেদনশীল প্রেমকাহিনি যে এই প্রজন্মের মন ছুঁয়ে গেছে, তা বলাই যায়। ‘সাইয়ারা’ যেন শুধু একটা সিনেমা নয়, এটা একটা অনুভূতি। আর এই অনুভূতির টানেই অসুস্থ শরীর নিয়েও থিয়েটারে পৌঁছে যাচ্ছেন এক ফ্যান। এই ভালোবাসা আর আবেগই বলিউডকে বারবার নতুন করে জাগিয়ে তোলে।