
শেষ আপডেট: 6 May 2023 17:57
মেয়েদের মন পড়তে পারা সিরিয়াল হয়ে উঠেছে 'মেয়েবেলা' (Meyebela Serial)। অনেকদিন পর বাড়ির মহিলাদের মনের মতো সিরিয়াল। শিক্ষিত দর্শকরা যেভাবে বাংলা সিরিয়াল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল,'মেয়েবেলা'র হাত ধরে তারা আবার ছোট পর্দায় চোখ রাখছেন। আর সেই 'মেয়েবেলা'র শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দু রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)।
বীথিকা মিত্র চরিত্রে রূপার ক্যামব্যাক বেশ আলোড়ন ফেলেছিল। রূপা গঙ্গোপাধ্যায়ের স্টারডমে সিরিয়াল চলছিল রমরমিয়ে। কিন্তু আজ হঠাৎই ঘটল ছন্দপতন। অনেকদিনের গুঞ্জন সত্যি হল। আচমকা দুঃসংবাদ! 'মেয়েবেলা' সিরিয়াল ছেড়ে দিলেন রূপা। সিরিয়াল থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী (Rupa Ganguly Leaves Meyebela)। কিন্তু কেন?

ইদানীং বীথি চরিত্রটি নেগেটিভ শেডের হয়ে যাচ্ছিল, যিনি পুত্রবধূ মৌকে নানা বিপদে ফেলতেই নানা কার্যকলাপ করছিলেন। দর্শকরা এমনটা আশা করেননি রূপার চরিত্র থেকে। দর্শকরা বলেছিলেন এই চরিত্রে রূপাকে সরিয়ে 'শ্রীময়ী' ইন্দ্রাণী হালদারকে আনা হোক। কিন্তু রূপা ইঞ্চিতে ইঞ্চিতে দুরন্ত অভিনয় করছিলেন। কী চোখের ইশারা বা ফেসিয়াল এক্সপ্রেশন।
তবে স্টার জলসার সূত্রে জানা যাচ্ছে চ্যানেল বা প্রোডাকশন হাউস থেকে রূপাকে সরিয়ে দেওয়া হয়নি। শোনা যাচ্ছে এটা একদমই রূপার নিজের সিদ্ধান্ত। তাঁর একটি রাজনৈতিক দিক আছে। সেটিও হতে পারে কারণ। কিংবা বীথি চরিত্রের থেকে মৌ চরিত্রটি বেশি পজিটিভ রেসপন্স পাচ্ছে এবং বীথি ক্রমশই ভ্যাম্প শাশুড়িতে পরিণত হচ্ছিলেন, নায়িকা সত্তা কমছিল রূপার, তাও কারণ হতে পারে। রূপা গঙ্গোপাধ্যায় এই কারণ পরিষ্কার করেননি। সিরিয়ালের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের কাছেও রূপার ছেড়ে দেওয়ার কারণ অজানা।

চলচ্চিত্রের মননশীল অভিনেত্রী 'দ্রৌপদী'খ্যাত রূপা গঙ্গোপাধ্যায় এক দশক রাজনীতির ময়দানে কাটিয়ে আবার 'মেয়েবেলা' সিরিয়াল দিয়ে অভিনয়ে ফিরেছিলেন। দীর্ঘ বিরতির পর ফিরলেও রূপার অভিনয় ক্ষমতা এতটুকু ফিকে হয়নি তা তিনি প্রমাণ করে দিয়েছেন পর্দায়। দর্শকরাও উচ্ছ্বসিত ছিলেন। এবার রূপার স্টারডম সরে যাওয়াতে (Rupa Ganguly Leaves Meyebela) দর্শকরাও সরে যাবেন না তো? লিড ক্যারেক্টার সরে গেলে টিআরপি-র হিসাব বদলাতেও পারে।
সিরিয়ালে বেশ কিছুদিন ধরেই রূপাকে দেখা যাচ্ছিল না। শোনা যাচ্ছিল মিশকা হালিমকে দেখা যাবে বীথি চরিত্রে। কিন্তু এটি ভুল তথ্য। তবে মিশকাকে 'মেয়েবেলা' সিরিয়ালে বীথির বান্ধবীর চরিত্রের জন্য একবার অডিশন নেওয়া হয়েছিল। যে চরিত্রটি মৌয়ের মা অর্থাৎ বৈশাখী মার্জিত করছেন।

কিন্তু শেষ অবধি আজ বীথি ফিরল বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে। রূপার জায়গায় এলেন অনুশ্রী দাস (Anusree Das)। অনুশ্রীর সাহসকে কুর্নিশ। রূপা গঙ্গোপাধ্যায়ের মতো এমন একজন হেভিওয়েট স্টার অভিনেত্রীর পরিবর্ত হবার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন।

কিন্তু দর্শকদের একাংশ এখন ফেটে পড়েছে তীব্র ক্ষোভে। তাঁরা রূপাকেই ফেরত চান। যদিও সেটি আর সম্ভব নয়।
আবার অনেকেরই প্রিয় 'বৌরানি' অনুশ্রী। এমনিতেই লীনা গঙ্গোপাধ্যায়ের সব সিরিয়ালে জনপ্রিয় মুখ অনুশ্রী। তবে এটাও শোনা গেছিল দেবশ্রী রায়কে আনা হবে 'মেয়েবেলা'য়। শেষ অবধি সব জল্পনার অবসান ঘটিয়ে আজ থেকে বীথিকা মিত্রর দেখা যাবে অনুশ্রী দাসকে।
কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়? পড়ুন এক্সক্লুসিভ ইন্টারভিউ: মেয়েবেলা ছাড়লাম, আজকের দিনে এই বধূ নির্যাতনের চরিত্রটা করতে পারছি না: রূপা গঙ্গোপাধ্যায়