
শেষ আপডেট: 6 April 2023 11:06
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার তুলে দেওয়া হল প্রাপকদের হাতে। সেখানে সিনেমা জগতের দুই তারকাও সম্মানিত হলেন দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে (Padma Shri)। এঁদের মধ্যে একজন অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) ও অপরজন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি (MM Keeravani)।
দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে এই দুই শিল্পীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। তাঁরাও অন্যান্য শিল্পীদের পদ্ম পুরস্কার দিয়ে সম্মানিত করেন। উল্লেখ্য, চলতি বছরে কেন্দ্রীয় সরকারের তরফে মোট ১০৬ জনকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছে।
নিজের সুদীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবি করেছেন রবিনা। প্রথম ছবির জন্যই জিতেছিলেন ফিল্মফেয়ার। গোবিন্দা এবং অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন রবিনা। অবশেষে কেরিয়ারের সায়াহ্নে এসে পদ্মশ্রী পেয়ে স্বভাবতই আপ্লুত অভিনেত্রী। তিনি বলেন, 'এত লোকের ভালবাসা পেয়েছি নিজের অভিনয় কেরিয়ারে। এবার পদ্মশ্রী পেলাম। যাঁরা আমায় এই পুরস্কারের যোগ্য মনে করলেন, তাঁদের ধন্যবাদ। বাবা-মা'র আশীর্বাদেই এই সম্মান পেলাম।'
অন্যদিকে, অস্কারজয়ী গান 'নাটু নাটু'র জন্য সম্মানিত হলেন সঙ্গীত পরিচালক এমএম কিরাভানিও। ২০২২ সাল থেকেই একের পর এক পুরস্কার এই গানের ঝুলিতে এসেছে। সঙ্গে দেশে-বিদেশে একাধিক মঞ্চে সম্মানিত হয়েছেন কিরাভানিও। এবার এই গানের সৌজন্যেই পদ্ম পুরস্কার জিতলেন তিনি। পরে তিনি জানান, ‘দেশের সরকারের তরফে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে সম্মানিত বোধ করছি। যাঁরা এই জার্নিতে আমার সঙ্গে ছিলেন এবং আমার পরিবারের সবাইকে ধন্যবাদ।'
সত্যজিতের তোলা অদেখা ছবি, ব্যবহৃত জিনিসপত্রের প্রদর্শনী বিদেশের চলচ্চিত্র উৎসবে