
শেষ আপডেট: 17 November 2023 09:02
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আসন্ন। তার আগে নবান্ন, নন্দন, টলিপাড়া মায় গুঞ্জন রাজ-কাহিনি কি শেষ হতে চলেছে!
চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান হলেন পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। উৎসব কমিটির চেয়ারম্যান পদ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে ২০১৯ সালে রাজকে বসানো হয়েছিল। এখন নতুন কৌতুহলের বিষয় হল, এবার উৎসবের পর কি রাজকে সরিয়ে দেওয়া হবে! সেই জল্পনা চলছিলই। তাতে আবার সদ্য ইন্ধনের ঘি পড়েছে। চার বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
অনেকের মতে, চার বছর আগের ঘটনাটা ছোট গল্পের মতই শেষ হয়েছিল। শেষ হয়েও যা শেষ হয়নি। চলচ্চিত্র উৎসব কমিটির একের পর এক বৈঠকে উপস্থিত থাকতে পারছিলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর অপারগতার কথা জানিয়ে দিচ্ছিলেন। সেটা ২০১৯ সালের লোকসভা ভোটের ঠিক পর পরের ঘটনা। ঘটনাচক্রে তার কিছুদিন আগে চিটফান্ড কাণ্ডের সূত্রে প্রসেনজিতকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবং তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে একবার বিমানে দেখা হয়ে গিয়েছিল টলিউডের ‘বুম্বাদার’।
প্রসেনজিৎ জানিয়েছিলেন, এর পর তিনি সংবাদমাধ্যম থেকেই জানতে পারেন তাঁকে চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে। হয়েওছিল তাই। তা ছাড়া প্রসেনজিৎও ইমেল করে অব্যহতি চেয়েছিলেন। প্রসেনজিৎ পদ থেকে সরতেই রাজকে সে পদে বসানো হয়েছিল।
কিন্তু সরকারের একটি সূত্রের দাবি, উৎসব আয়োজনে রাজের ভূমিকায় কিছুটা হতাশ নবান্ন। তাঁর উদ্যমের অভাব নজরে পড়ছে অনেকেরই। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত খুব বেশি ইনভলভমেন্ট দেখা যায়নি রাজের। সূত্রের এও দাবি, চলচ্চিত্র উৎসব আয়োজনের অনেকটাই বরং দায়িত্ব নিয়ে করছেন তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু বসু। তা ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন তাঁর থেকেই। কারণ, মুখ্যমন্ত্রীর অধীনেই তথ্য ও সংস্কৃতি দফতর রয়েছে। চলচ্চিত্র উৎসবের সুষ্ঠু আয়োজনের ব্যাপারে তাঁর ব্যক্তিগত আগ্রহ গোড়া থেকেই রয়েছে।
এ ব্যাপারে দ্য ওয়ালের তরফে রাজ চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি অবশ্য বলেন, ১৬ নভেম্বরের পর থেকে তিনি মিটিং ডাকা শুরু করবেন।
চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত এক অফিসার এদিন বলেন, প্রসেনজিতের নতুন করে কমিটিতে আসা তাৎপর্যপূর্ণ। টলিউডে নতুন তারকা উঠে এলেও তিনি এখনও অদ্বিতীয় পুরুষ। তবে প্রসেনজিৎই পরবর্তী চেয়ারম্যান হতে চলেছেন, এখনই সেরকম ভাবলে ভুল হতে পারে। কিন্তু এটা ঠিক যে একটা বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কেন না কমিটিতে স্থবিরতা চলে আসছে। নতুন ভাবনা আসছে না।