
শেষ আপডেট: 17 May 2023 12:03
দ্য ওয়াল ব্যুরো: দিনতিনেক আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশি নায়িকা পরীমণি (Pori Moni hospitalized)। জানা গিয়েছে, প্রবল জ্বরে ভুগছেন অভিনেত্রী। কিন্তু তাঁর ছোট্ট সন্তান! সে কই? জানা গেল, সেও মায়ের সঙ্গেই ওই হাসপাতালে রয়েছে। অভিনেত্রী জানান, শুরুতে ভেবেছিলেন জ্বর কমে যাবে। কিন্তু পরে জ্বর আরও বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়।
থার্মোমিটারে তাঁর জ্বর মাপার সময় দেখা যায়, পরীমণির গায়ের তাপমাত্রা ১০৩ ডিগ্রি। তাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু তাঁর সন্তানের কী হবে? মা'কে ছাড়া সে যে এখনও চোখে অন্ধকার দেখে। তাই ১০ মাসের সন্তানকেও তাঁর সঙ্গেই ওই হাসপাতালের কেবিনে রাখা হয়েছে।
মঙ্গলবার শেষবার সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থার আপডেট জানান পরীমণি। তিনি লিখেছেন, "গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডক্টর রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারেনা কেউ। আর কী লিখব! গলাটা ধরে এলো কান্নায়।"
এখানেই শেষ নয়। দিন দুই আগে চ্যানেল করা নিজের হাতের সঙ্গে ছেলের ছবি পোস্ট করে পরীমণি লেখেন, 'মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।' বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে সেই পোস্টটি করেছিলেন অভিনেত্রী। এইমুহূর্তে রাজধানী শহর ঢাকার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বিছানায় শুয়ে কোনও কিছুরই হয়তো অভাব টের পাচ্ছেন না তিনি। তবে সন্তান যে হাসপাতালের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে ভাল নেই, তা বিলক্ষণ বুঝতে পারছেন তিনি।