
শেষ আপডেট: 17 May 2022 07:28
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে টেলি অভনেত্রী পল্লবী দে’র (Pallabi Dey) মৃত্যুর খবর সামনে আসতেই কার্যত তোলপাড় টলিপাড়া। পল্লবী আত্মহত্যা করেছেন না তাঁকে খুন করা হয়েছে তা নিয়ে চর্চা চলছেই। অভিনেত্রীর পরিবারের তরফে প্রেমিক তথা লিভ-ইন পার্টনার সাগ্নিকের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। উঠে এসেছে পল্লবী ও সাগ্নিকের বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের নামও। সেই প্রসঙ্গেই এদিন মুখ খুললেন ঐন্দ্রিলা।
আরও পড়ুন: অভিষেক-রুজিরাকে কলকাতায় জেরা করবে ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের
ঐন্দ্রিলা জানিয়েছেন পল্লবী (Pallabi Dey) তাঁর বন্ধু ছিলেন। তাঁর সূত্রেই সাগ্নিকের সঙ্গেও আলাপ হয়। কিন্তু বহুদিন পল্লবীর সঙ্গে দেখাসাক্ষাৎ ছিল না তাঁর। একটি পার্টিতে দুজনের সঙ্গেই হঠাৎ দেখা হয়। সেখানেই যেটুকু আলাপ। কখনও তিনি পল্লবী-সাগ্নিকের বাড়িতে যাননি বলে জানিয়েছেন ঐন্দ্রিলা। সাগ্নিকের সঙ্গে আলাদা করে তাঁর যোগাযোগও ছিল না।
এদিকে সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে পল্লবী দে’র (Pallabi Dey) পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে গড়ফা থানায়। রয়েছে ঐন্দ্রিলার নামও। তাঁদের অভিযোগ, পল্লবীর অবর্তমানে ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের সম্পর্ক গড়ে উঠেছিল। ফাঁকা ফ্ল্যাটে সাগ্নিক-ঐন্দ্রিলা একান্তে সময়ও কাটাতেন বলে অভিযোগ করেছে নিহত অভিনেত্রীর পরিবার। সেই থেকেই নাকি পল্লবী আর সাগ্নিকের মধ্যে অশান্তির সূত্রপাত। সকলে মিলে পরিকল্পনা করে পল্লবীকে খুন করেছে, গড়ফা থানায় সেই মর্মে দায়ের হয়েছে অভিযোগ।
কিন্তু এই সমস্ত অভিযোগই উড়িয়ে দিলেন সাগ্নিকের চর্চিত বান্ধবী ঐন্দ্রিলা। তিনি জানান, পল্লবীর মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গেই হাসপাতালে গিয়েছিলেন তিনি। পল্লবীর দেহ যখন হাওড়ার বাড়িতে আনা হয় তখনও সঙ্গে ছিলেন তিনি। তারপরেও কেন তাঁকে এসবের মধ্যে টানা হল, কেন তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ ছাড়াই এমন অভিযোগ তুলল পল্লবীর পরিবার তা বুঝতে পারছেন না ঐন্দ্রিলা।