
শেষ আপডেট: 3 September 2022 13:18
দ্য ওয়াল ব্যুরো: ইডির ম্যারাথন জেরার মুখে পড়ে জেরবার হলেন বলিউড তারকা নোরা ফতেহি (Nora Fatehi)। সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) আর্থিক জালিয়াতি কাণ্ডে নাম জড়ানোর ফলে বেজায় সমস্যায় পড়েছেন তিনি। সূত্রের খবর, সুকেশের ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জ্যাকলিন ফার্নান্ডেজের পাশাপাশি নোরারও নাম জড়িয়েছে। সেই ঘটনার তদন্তেই টানা ৭ ঘণ্টা ম্যারাথন জেরার সম্মুখীন হলেন তিনি।
জানা যায়, শুক্রবারই দিল্লির মন্দির মার্গে ইডির (Enforcement Directorate) অফিসে গিয়েছিলেন নোরা ফতেহি। সেখানেই সুকেশ চন্দ্রশেখর আর্থিক জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। নোরার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রাক্তন ফর্টিস হেলথকেয়ার প্রোমোটার শিবেন্দর সিংয়ের স্ত্রী’র কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই বিষয়েই কড়া প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড তারকাকে।
সুকেশের সব অপরাধ জেনেও আর্থিক সুবিধা নিয়েছেন জ্যাকলিন! ইডির চার্জশিটে বিপাকে অভিনেতা
সূত্রের খবর, সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যেই ৪-৫ জনকে ডেকে পাঠিয়েছে ইডি। যে তালিকায় জ্যাকলিন ও নোরা ফতেহিও রয়েছেন। তদন্তকারী অফিসারদের তরফে জানা গিয়েছে, শুক্রবার সুকেশ চন্দ্রশেখর আর্থিক মামলায় নোরা ফতেহিকে ডেকে পাঠানো হয়েছিল। ৭ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। জেরায় তিনি সহযোগিতা করলেও বেশ কয়েকটা বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
জেরার মুখে নোরা ফতেহি ইডি-কে এই কথাও জানান যে, চেন্নাইতে তিনি যেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, তার সঙ্গে যে অপরাধ চক্রের কোনও যোগসাজশ রয়েছে, সেই বিষয়ে একেবারেই অবগত ছিলেন না তিনি। তবে কীভাবে সুকেশের দেওয়া বহুমূল্য গাড়ি কিংবা একাধিক উপহার ব্যবহার করলেন নোরা ফতেহি, তা খতিয়ে দেখছে ইডি।