
বাঙালি মেয়ে শর্মিলাকে নিয়ে সোজাসাপটা মুমতাজ
শেষ আপডেট: 1 May 2025 20:42
দ্য ওয়াল ব্যুরো: নায়িকারা বন্ধু হন? এ নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক। ইস্টার ইয়ারের দুই সুন্দরী অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও মুমতাজ। ইতিহাস বলে, তাঁদের মধ্যে নাকি ছিল শত্রুতা! একে অন্যকে নাকি সহ্যই করতে পারতেন না! সত্যি কি তাই? শর্মিলা এ নিয়ে মুখ না খুললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন মুমতাজ।
তিনি বলেন, "শত্রুতা! কেন? আমার ওকে নিয়ে কিছুই ছিল না। সে সময় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে উনি ছিলেন। আমিও ছিলাম। তবে মনে হয়, ওর থেকে বেশি পুরষ্কার আমি জিতেছি। আমি বেশি পুরষ্কার পেয়েছি। আমরা দু'জনেই খুব সুন্দরী ছিলাম। ওকে হিংসে কেন করব? জানি না কেন, মানুষ কেন এরকম মনে করে!"
সম্প্রতি সইফ আলি খানের উপর হামলা হয়। সে সময় বহু মানুষ খোঁজখবর নিতে সইফের পরিবারকে ফোন করেছিলেন। মুমতাজ কি সইফের খোঁজখবর নিতে যোগাযোগ করেছিলেন শর্মিলার সঙ্গে?
তাঁর সাফ কথা, "না, আমি ফোন করিনি। আমি কাউকে ফোন করি না। কত মানুষ রোজ মারা যায়। আমি কাউকেই ফোন করি না। আমি লন্ডনে থাকি। যেখানে আমার স্বামী যান আমিও তাঁর সঙ্গে সেখানেই যাই। মুম্বইয়ে জন্মেছি। তাই ছয় মাস অন্তর আমি এখানে আসি। আর শর্মিলা কখনওই আমার বন্ধু ছিলেন না। ওর নিজস্ব বন্ধু আছে। আমারও আছে।" সম্প্রতি সুমন চট্টোপাধ্যায়ের 'পুরাতন' ছবিতে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর। ছবিটি বক্স অফিসে বেশ ভাল পারফর্ম করছে।